লোকে মনে করে পরিস্থিতি ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই ও হামলার অভিযোগ নিয়ে মিরপুর মডেল থানায় মামলা করতে এসেছেন মো. পরশ। পুলিশের আচরণ কেমন হবে, তা নিয়ে আগে শঙ্কায় থাকলেও থানা থেকে বের হওয়ার পর পরশকে দেখা গেল বেশ খুশি। পুলিশের সেবা কেমন মনে হয়েছে—জানতে চাইলে তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘সবাই একই রকম সেবা পান কি না, জানি না; তবে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে।’
গতকাল মিরপুর থানায় সরেজমিনে কথা হয় বিভিন্ন কাজে আসা অন্তত পাঁচজনের সঙ্গে। তাঁরা প্রত্যেকেই মনে করেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ইদানীং ভালো।
পুলিশ পুনর্গঠন-প্রক্রিয়ার অংশ হিসেবে ২০০৬ সালে সারা দেশে সাতটি থানাকে মডেল থানা হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। উদ্দেশ্য ছিল সেবা ও মানে এই থানাগুলোকে আদর্শ হিসেবে তৈরি করা, যেন পরবর্তী সময়ে সেগুলোর মতো করে দেশের অন্য থানাগুলোকে তৈরি করা যায়। রাজধানীর অন্যতম জনবহুল এবং অপরাধপ্রবণ এলাকা হিসেবে এর অন্তর্ভুক্ত হয় মিরপুরও। মডেল থানা হিসেবে এটা প্রায় ১০ বছর পার করেছে। থানাসংলগ্ন এক ফার্মেসির মালিক জানান, এই এলাকায় মাদক একসময় একটা বড় সমস্যা ছিল। এখন তা অনেক কমেছে। তবে আগে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় উঠান বৈঠক বা আলোচনা করা হতো। ইদানীং সেগুলো করা হচ্ছে না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব নিজেদের সাফল্যের কারণ হিসেবে বলেছেন থানার সবার ঐকান্তিক প্রচেষ্টার কথা। তবে এখনো অনেক কাজ বাকি জানিয়ে তিনি বলেন, ‘আপনি গত পাঁচ বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন, এই এলাকায় ফৌজদারি অপরাধের সংখ্যা এখন অনেক কম। যদিও হত্যাকাণ্ড বন্ধ করার ক্ষেত্রে আমরা পুরোপুরি সফল এখনো হতে পারিনি। কিন্তু ঊর্ধ্বতন পর্যায় থেকে সবাই এ বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন।’
বহু বছর ধরেই মাদক মিরপুর এলাকার অন্যতম প্রধান সমস্যা। মিরপুরের শিয়ালবাড়ি, মণিপুর, পাইকপাড়া এলাকায় বেশ কিছু বস্তিতে এই সমস্যার বিস্তার ছিল অনেক বেশি। মাদকের ক্ষেত্রে পুলিশ ‘জিরো টলারেন্স’ দেখাচ্ছে জানিয়ে ওসি বলেন, ‘বস্তি এলাকাগুলোতে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। পরিস্থিতি এখন অনেকটাই ভালো।’
পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষের সঙ্গে উঠান বৈঠক করা হয় না—এমন অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘এমন অভিযোগ সত্যি নয়। আমরা প্রায় প্রতিদিনই এটা করছি।’