লোডশেডিং ও বিদ্যুৎ কর্মকর্তাদের 'দুর্নীতি'র প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে অব্যাহত লোডশেডিং ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের ‘অনিয়ম ও দুর্নীতি’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় বেশ কিছু গ্রাহক গতকাল সোমবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। বক্তব্য দেন সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, পৌর কাউন্সিলর খোকন কুমার দাস, সাংবাদিক রুহুল আমিন সরকার, বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আবদুল মান্নান প্রমুখ।
সাবেক সাংসদ বলেন, ‘সরকার বলছে, বিদ্যুতের কোনো সংকট নেই। তাহলে আমরা বিদ্যুৎ পাচ্ছি না কেন? স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়টি অনিয়ম ও দুর্নীতির আখড়া বানিয়েছেন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শওকত হোসেন। তিনি গ্রাহকদের সঙ্গে অসদাচরণ করেন।’ অবিলম্বে তাঁকে অপসারণ করার দাবি জানান তিনি।
ব্যবসায়ী সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছেছে। সরকার বলছে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বদরগঞ্জে ঘুষ ছাড়া নতুন সংযোগ মিলছে না। স্থানীয় ডিজিএম ও জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে শক্ত আন্দোলন গড়ে তোলা হবে।
বদরগঞ্জ পৌর শহরের কাপড় ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘এই কয়টা দিন আমাদের বেচাকেনার সময়। কিন্তু এ সময়ে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন।’
ঘুষ গ্রহণ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম মুঠোফোনে বলেন, ‘উপজেলায় পল্লী বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। আন্দোলনের কারণ বুঝতে পারছি না। যতই আন্দোলন হোক, আমার কোনো সমস্যা নেই।’