লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা জেলা শহর ও এর আশপাশের এলাকায় সীমাহীন বিদ্যুৎ-বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গাইবান্ধা নাগরিক পরিষদ গতকাল শনিবার এ কর্মসূচির আয়োজন করে।
কয়েকজন শহরবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের ডিবি রোডে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মারুফ, সাংবাদিক নুরুজ্জামান প্রধান, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাত দিন ধরে সীমাহীন বিদ্যুৎ-বিভ্রাটের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শহরে দৈনিক চার-পাঁচ ঘণ্টা ও গ্রামাঞ্চলে ছয়-সাত ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। অথচ আশপাশের জেলায় গাইবান্ধার মতো বিদ্যুৎ-বিভ্রাট ও লোডশেডিং নেই। অবিলম্বে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ-বিভ্রাট বন্ধ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিদ্যুৎ-বিভ্রাটের কারণ ও ঘন ঘন লোডশেডিং প্রসঙ্গে জানতে চাইলে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুকুমার লাল সরকার প্রথম আলোকে জানান, গাইবান্ধার বিতরণ বিভাগের নিয়ন্ত্রণকক্ষের পাওয়ার ট্রান্সফরমারটি বহু পুরোনো। এ কারণে এটি বিদ্যুতের প্রয়োজনীয় লোড সংরক্ষণ করতে পারছে না। ফলে বিদ্যুৎ-বিভ্রাট নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর পরও জেলার ছয়টি ফিডারে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সুকুমার লাল সরকার আরও জানান, ইচ্ছে করে লোডশেডিং করা হয় না। সাধারণত বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে লোডশেডিং করতে হয়। এ ছাড়া চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে না। বর্তমানে গাইবান্ধায় দৈনিক বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৭ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং হচ্ছে।