লোডশেডিং, লো-ভোল্টেেজ মানুষ অতিষ্ঠ
পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজে পাবনার নয় উপজেলার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শিক্ষার্থীরা লেখাপড়াসহ উপজেলাবাসী দৈনন্দিন কর্মকাণ্ড পর্যন্ত চালাতে পারছে না৷ বিদ্যুতের অভাবে চলতি বোরো
মৌসুমে সেচকাজ ব্যাহত হওয়ায় ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা
দেখা দিয়েছে।
বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার অধিকাংশ গ্রামেই প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুেতর দেখা মিললেও লো-ভোল্টেজ থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। সেচপাম্পসহ যেকোনো বৈদ্যুতিক যন্ত্রই চালাতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে।
জেলার ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের কৃষক জয়দার সরদার বলেন, ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে তিনি জমিতে সেচ দিতে পারছেন না। ফলে তাঁর প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট হয়েছে।
আটঘরিয়া উপজেলার দেবত্বর গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে গভীর নলকূপ বসাইছি। কিন্তু বিদ্যুতের অভাবে জমিতে পানি দিতে পারছি না। বিদ্যুতের অবস্থা এমন থাকলে ফলনই নষ্ট হয়ে যাবে৷ তখন ভিটা বেচে ঋণ শোধ করা ছাড়া উপায় থাকবে না।’
সুজানগরের মানিকহাট গ্রামের আবদুল কাদের বলেন, দিন-রাতের গুরুত্বপূর্ণ সময়গুলোতেই বিদ্যুৎ পাওয়া যায় না। দুপুরে ও গভীর রাতে যখন কিছুটা বিদ্যুৎ পাওয়া যায়, তখন আর তা কোনো কাজে লাগে না। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সবাই অতিষ্ঠ হয়ে উঠছে।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ কার্যালয় সূত্র জানায়, জেলার নয় উপজেলায় এই দুই সমিতির আওতায় প্রায় ৬০০ গ্রাম রয়েছে। এসব গ্রামে প্রায় তিন লাখ সাধারণ গ্রাহক এবং ১০ হাজার ৬১টি গভীর নলকূপ রয়েছে। এসব সংযোগে প্রতিদিন গড়ে বিদ্যুতের চাহিদা রয়েছে ৮৮ থেকে ৯০ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ সরবরাহ হচ্ছে ৪৪ থেকে ৪৫ মেগাওয়াট। ফলে লোডশেডিং ও লো-ভোল্টেজ থাকছে৷
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৬০ হাজার ৩৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হয়েছে। এখান থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৩১ হাজার ৫২৯ মেট্রিক টন। কিন্তু বিদ্যুৎবিভ্রাটে সেচ ব্যাহত হওয়ায় ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান বলেন, পানির ঘাটতি হলে ইরি-বোরোর ফলন কম হওয়ার আশঙ্কা থাকে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) আবদুল মতিন বলেন, ‘আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় গ্রাহকের চাহিদা মেটাতে পারছি না।’