লোডশেডিংয়ে অতিষ্ঠ ৫২ হাজার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মৌলভীবাজারের তিন উপজেলার ৫২ হাজার গ্রাহক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাত-আটবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। এতে টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া গ্রিড থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলের লাইন এবং সন্ধ্যার পর কুলাউড়ার লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কমলগঞ্জ অঞ্চলের অধীন কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার একাংশ মিলিয়ে মোট ৫২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ-বিভ্রাট তাঁদের স্বস্তি কেড়ে নিয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যায়। প্রতিবার আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকে। বারবার বিদ্যুৎ যাওয়া-আসা করায় ফ্রিজ, কম্পিউটার ও টেলিভিশন বিকল হয়ে যাচ্ছে।

শমশেরনগরের ব্যবসায়ী নজরুল মেলামিন অভিযোগ করে বলেন, ঘন ঘন লোডশেডিং হওয়ায় তাঁর কম্পিউটার বিকল হয়ে গেছে। পতনঊষারের কৃষক শেরওয়ান আলী অভিযোগ করে বলেন, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় তাঁর একটি টিভি বিকল হয়েছে।

শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী ও সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম মুরশেদুল রহমান বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর পবিসের অভিযোগ কেন্দ্রগুলোতে তথ্য জানতে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যার পর ঘন ঘন লোডশেডিং হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গাছ পড়া থেকে শুরু করে নানা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। ত্রুটিযুক্ত স্থান খুঁজে বের করে সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লেগে যায়।

পবিস কমলগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এস এম হাসনাত হাসান বলেন, কুলাউড়ার পুরাতন গ্রিড লাইনে সংস্কারকাজের কারণে এবং লাউয়াছড়া দিয়ে আসা বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দেওয়ায় সাময়িক কিছু ত্রুটি দেখা দিচ্ছে। তবে দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।