লোডশেডিংয়ে সেচ ব্যাহত গরমে জনজীবন অতিষ্ঠ
সিরাজগঞ্জ ও বগুড়ার আদমদীঘি উপজেলায় ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। এ কারণে চলতি বোরো মৌসুমে সেচযন্ত্র দিয়ে জমিতে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ-বিভ্রাটের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিবি) ও দুটি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, গত সোমবার থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট শুরু হয়েছে। সিরাজগঞ্জ পবিস-১ থেকে ৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৬ মেগাওয়াট এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে ৫৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শহরের জন্য পিডিবি থেকে ২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
সমিতি সূত্র জানায়, সিরাজগঞ্জ পবিস-১-এর আওতায় ১৭ হাজার ও সমিতি-২-এর আওতায় ৫ হাজার বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। মোট ৭৪টি ফিডারের মাধ্যমে নয়টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দুটি সমিতি চাহিদার চেয়ে প্রায় অর্ধেক কম বিদ্যুৎ পাওয়ায় পর্যায়ক্রমে ফিডারগুলো এক ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে। এ কারণে দিন-রাত মিলে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হচ্ছে।
শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের সেচযন্ত্রের মালিক নূরু মিয়া ও তালগাছী গ্রামের আবদুল মান্নান বলেন, এখন ধানের শিষ বের হচ্ছে। এ সময় জমিতে সব সময় পানি প্রয়োজন। লোডশেডিংয়ের কারণে জনজীবনও অতিষ্ঠ।
পবিস-১-এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জুলফিকর রহমান ও সমিতি-২-এর সহকারী মহাব্যবস্থাপক মদন কুমার জানান, পিক আওয়ারে চাহিদার চেয়ে অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে প্রতিটি ফিডার পর্যায়ক্রমে বন্ধ করতে হচ্ছে।
সিরাজগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান বলেন, ‘গরমের দিনে এমনিতেই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যায়। তাপমাত্রার পরিবর্তন হলে আশা করি দু-এক দিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে।’
বগুড়ার দুপচাঁচিয়া পবিস ও এলাকাবাসী সূত্র জানায়, আদমদীঘিতে পল্লী বিদ্যুতের মোট সংযোগ রয়েছে ১৫ হাজার ২৭৬টি। এর মধ্যে আবাসিক ১৪ হাজার ৭৪৪টি। এ ছাড়া গভীর নলকূপে ১৫৬টি ও অগভীর নলকূপে ৩৭৬টি সেচসংযোগ রয়েছে। উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুতের অভাবে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। গভীর ও অগভীর নলকূপে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না থাকায় সেচের অভাবে শুকিয়ে গেছে ইরি-বোরো ধানের খেত। দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ৮ থেকে ৯ ঘণ্টা বিদ্যুতের সরবরাহ থাকে।
আমইল গ্রামের মোজাফফর হোসেন, আবুল হোসেন, নুরুল ইসলাম এবং অন্তাহার গ্রামের আবদুল বারি বলেন, লোডশেডিংয়ের কারণে তাঁরা জমিতে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না।
সেচপাম্প মালিক মোজাফফর হোসেন বলেন, আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। এ সময় ধান গাছে শিষ এসেছে। এ মুহূর্তে ধান গাছের জন্য পানি খুব প্রয়োজন।
দুপচাঁচিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহিম বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় লোডশেডিং করতে হচ্ছে। আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুতের মোট সংযোগ রয়েছে ৩৩ হাজার। এর জন্য প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু সরবরাহ থাকে ১২ থেকে ১৪ মেগাওয়াট।