লোনা পানি থেকে কৃষিজমি রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোনা পানি থেকে কৃষিজমি রক্ষার দাবিতে গতকাল সাতক্ষীরার শ্যামনগরের কাইদখালী গ্রামের পাটনীপুকুর বিলের পাশে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
লোনা পানি থেকে কৃষিজমি রক্ষার দাবিতে গতকাল সাতক্ষীরার শ্যামনগরের কাইদখালী গ্রামের পাটনীপুকুর বিলের পাশে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়িঘেরের লোনা পানি থেকে এক হাজার ৩০০ বিঘা কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগরের কাইদখালী গ্রামের পাটনীপুকুর বিলের পাশে উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সহযোগিতায় স্থানীয় কৃষক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত কৃষক কাশেম পাড়, অজেদ আলী গাজী ও আবদুস ছালাম, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, চকবারা মানবকল্যাণ কৃষক সংগঠনের সভাপতি আবু মুছা প্রমুখ।
বক্তারা বলেন, প্রভাবশালীরা উপজেলার বিস্তীর্ণ কৃষিজমিতে লোনা পানি তুলে চিংড়ি চাষ করছেন। এতে একদিকে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কৃষিজমির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোনা পানির কারণে পাটনীপুকুর বিলের ৬০ বিঘা কৃষিজমির বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পথে বসতে চলেছে কয়েক হাজার ক্ষুদ্র কৃষক।
মানববন্ধন শেষে আন্দোলনকারী কৃষকেরা ক্ষতিপূরণ ও দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের কাছে স্মারকলিপি দেন।