লোভাছড়ায় 'পাথরের ঢল' লুটের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত নদী লোভাছড়ার উৎসমুখে গর্ত করে পাথর উত্তোলন চলছে৷ নদীতে পাহাড়ি ঢল নামলে এ গর্তে জমা হবে পাথর৷ সেখান থেকে চলবে ঢলের পাথর লুট৷ গত শনিবারের ছবি l প্রথম আলো
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত নদী লোভাছড়ার উৎসমুখে গর্ত করে পাথর উত্তোলন চলছে৷ নদীতে পাহাড়ি ঢল নামলে এ গর্তে জমা হবে পাথর৷ সেখান থেকে চলবে ঢলের পাথর লুট৷ গত শনিবারের ছবি l প্রথম আলো

সিলেটের কানাইঘাটের উত্তরে ভারতের মেঘালয়ের সেভেন সিস্টারখ্যাত সাত পাহাড়৷ সেই কানাইঘাটের লোভাছড়া নদীর উৎসমুখে দাঁড়িয়ে পাহাড়গুলোর পাদদেশে চোখ বোলালে সবুজ ছাপিয়ে নজরে পড়বে শুধু পাথরের স্তূপ৷ কোথাও গর্ত করে চলছে উত্তোলন৷ আবার সেগুলো নদীপথে বয়ে নিয়ে নির্ধারিত স্থানে রাখছেন পাথরশ্রমিকেরা৷
স্থানীয় প্রশাসন জানায়, পাথর কোয়ারি ইজারাবহির্ভূত থাকার সুযোগে উপজেলা প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে পাথর উত্তোলনে টোল আদায়ের প্রথা চালু রেখেছে৷ ঢলের পাথর উত্তোলন নিয়ন্ত্রণ করতে টোল আদায় নিজেদের কাছে নিতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তৎপরতা চালাচ্ছেন৷
অভিযোগ উঠেছে, খাস কালেকশনের নামে কয়েক কোটি টাকার পাথর স্তূপের কর্তৃত্ব ইতিমধ্যে স্থানীয় প্রশাসন আওয়ামী লীগের একটি পক্ষকে দিয়ে রেখেছে৷ এ নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের আরেকটি পক্ষের তৎপরতা শুরু হয়েছে৷ গত ২১ মে লোভাছড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়৷
সিলেট অঞ্চলের দীর্ঘতম নদী সুরমার সঙ্গে মিলিত হয়েছে লোভাছড়া৷ উৎসমুখ এলাকায় গত ২৪ মে সরেজমিনে দেখা গেছে, নদীর দুই তীরের প্রায় এক কিলোমিটার এলাকায় স্তূপ করে রাখা উত্তোলিত পাথর৷ কোয়ারিসহ নদীর উৎসমুখ খুঁড়ে বড় বড় গর্ত করে চলছে পাথর উত্তোলন৷ পাহাড়ি ঢল নামলে সেসব গর্তে আবার পাথরের স্তূপ পড়বে—এ জন্য গর্তগুলো ব্যক্তিবিশেষের নামে দখল করে রাখা৷
পাথরের ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে জানা গেল, নৌপথ ছাড়া আর কোনো যোগাযোগব্যবস্থা না থাকায় লোভাছড়া পাথর কোয়ারি মূলত বর্ষা এলেই সচল হয়৷ শুষ্ক মৌসুমে উত্তোলন করা পাথর নৌপথে গন্তব্যে নিয়ে যাওয়ার পর পুরো বর্ষা মৌসুমে চলে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর সংগ্রহের কাজ৷ এই অবস্থা স্থানীয়ভাবে ‘পাথরের ঢল’ নামে পরিচিত৷ এক বর্ষায় ৬০ থেকে ৭০ লাখ ফুট পাথর সংগ্রহ হয় তখন৷
উত্তোলিত পাথর প্রতি ফুটের জন্য সরকারকে রাজস্ব দিতে হয় এক টাকা ৯৫ পয়সা৷ প্রতি ফুট পাথর বিক্রি হয় ১৯ থেকে ২৪ টাকা দরে৷ এ হিসাবে বর্ষার দুই মাসে বৈধভাবে প্রায় দুই কোটি টাকার পাথর ব্যবসা হয় লোভাছড়ায়৷ রাজস্ব ফাঁকি দিয়ে এর অন্তত পাঁচ গুণ বেশি পাথর-বাণিজ্য হয় বলে খোঁজ নিয়ে জানা গেছে৷
অভিযোগ রয়েছে, লোভাছড়ায় এ বাণিজ্য প্রায় তিন বছর ধরে এককভাবে করছেন কানাইঘাটের বাসিন্দা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোস্তাক আহমদ৷ তাঁর সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও জড়িত৷ এবার তাঁর একক বাণিজ্য ভাঙতে আওয়ামী লীগেরই আরেকটি পক্ষ সক্রিয় হলে দুই পক্ষের তৎপরতায় উত্তপ্ত হয়ে ওঠে লোভাছড়া৷
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, পাথর কোয়ারিতে খাস কালেকশনের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের পাথরশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়৷ এ ঘটনায় এক পক্ষ একটি মামলা করলে ঘটনার দুই দিন পর একই ঘটনায় পাল্টা মামলা হয়৷ দুটি মামলার তদন্ত করছে পুলিশ৷
পাথর কোয়ারি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা তো আমাদের বিষয় নয়৷ অবৈধ কিছু হলে স্থানীয় প্রশাসন দেখবে৷ অবৈধ কিছুর পক্ষে আমরা নেই৷’
কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, পাথর কোয়ারি নিয়ে সাতটি মামলা উচ্চ আদালতে চলমান থাকায় ইজারা দেওয়া যাচ্ছে না৷ খাস কালেকশনে থাকায় জটিলতা সৃষ্টি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খাস কলেকশনের মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে৷ তবে এ প্রথায় আদায়ের পরিমাণ স্বাভাবিকভাবে কম থাকে৷’ এবারের বর্ষায় পাথরের ঢল মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে দৈনিক নিলাম ডেকে ইজারা দেওয়ার৷ তখন আর জটিলতা হবে না৷’
l কাল পড়ুন: চা–বাগান, নাকি পাথর কোয়ারি?