লোভের বলি এবার হোয়াইক্যংয়ের ধলি গর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছটির গোড়ার বেড় ছিল সাত ফুট তিন ইঞ্চি আর উচ্চতা ৭০ থেকে ৮০ ফুট। ১৫ আগস্ট রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দেঘ্যাকাটার লম্বাঘোনা অভয়ারণ্যে বনদস্যুদের হাতে প্রাণ যায় এ মা–ধলি গর্জনগাছের (মাদার-ট্রি)।
বন বিভাগ সূত্র জানায়, উপজেলার হোয়াইক্যং রেঞ্জের আওতাধীন দেঘ্যাকাটার লম্বাঘোনা অভয়ারণ্যের মা–ধলি গর্জনগাছ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। প্রতিবছর বীজ ছড়িয়ে প্রাকৃতিক বন সৃজনে ভূমিকা রাখা এই গাছগুলোর সংখ্যা কমে যাওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি ও ভারসাম্য নষ্ট হচ্ছে।
বর্তমানে এ বাগানে ১৪৬টি মা–ধলি গর্জনগাছ রয়েছে। ১০–১৫ বছর আগে এ বাগানে ৩০০ ধলি গর্জনসহ কড়ই, গামারি, আকাশমণি ও বিভিন্ন প্রজাতির হাজার খানেক গাছ ছিল। বর্তমানে এসব গাছের অধিকাংশ কেটে নিয়েছে বনদস্যুরা।
বন বিভাগের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন জানান, একসময় এ বনে প্রতি ১০ থেকে ২০ ফুট দূরে দূরে গর্জনগাছ দেখতে পাওয়া যেত। কিন্তু নির্বিচারে গাছ কাটার কারণে এখন ৫০ থেকে ৭০ ফুট পর পর গর্জনগাছ দেখা যায়। অবশ্য কেবল গর্জন নয়, কমেছে বনভূমির প্রায় সব প্রজাতির গাছ। শতবর্ষী গর্জন গাছগুলো পাখি, বানরসহ নানা প্রজাতির বন্য প্রাণীর আবাসস্থল। এসব মা–গাছ কমে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
মহিউদ্দিন আরও জানান, একেকটি মা–গাছ থেকে বছরে ২০ থেকে ৩০ হাজার চারা তৈরি হয়। এসব গর্জনগাছ বীজ ছড়িয়ে বংশ বিস্তার করে। আর শতবর্ষী গর্জনের চারার বৃদ্ধিও ভালো হয়। বর্তমানে এ ধরনের গাছ বিলুপ্তির পথে। লোকবল কম বলে মা–গর্জনসহ বিভিন্ন প্রজাতির গাছ হত্যা ঠেকানো যাচ্ছে না বলে তিনি দাবি করেন।
গত মঙ্গলবার টেকনাফের অভয়ারণ্যের হোয়াইক্যং অংশে ঘুরে দেড় শতাধিক মা গর্জনগাছ চোখে পড়েছে। কয়েকটি গাছের গোড়ার কাণ্ডের প্রস্থ ১০ থেকে ১২ ফুট ও উচ্চতা ৬০ থেকে ১০০ ফুটের কাছাকাছি। তবে ধলি গর্জনগাছগুলোর অবস্থান ছিল অনেক দূরে দূরে। কেটে নেওয়া গর্জনগাছটি দেখা গেল অভয়ারণ্যের লম্বাঘোনা এলাকায়। সদ্য কাটা গাছের কাণ্ড থেকে তখনো ঝরছিল সাদা আঠা।
ওই বাগানের পাশে বসবাসকারী কয়েকজন বাসিন্দা জানান, যেদিন গাছটা কাটা হয়, ওই দিন রাতে ভারী বৃষ্টিপাত ছিল। তাই এলাকার লোকজন গাছ কাটার বিষয়টি জানতে পারেনি। কিন্তু ধারণা করা হচ্ছে, কাটা গর্জনটি ট্রাক ছাড়া ওই স্থান থেকে সরানো কঠিন। এ কাজে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন লোক জড়িত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসী জানান, গাছটি আনুমানিক মূল্য পাঁচ থেকে ছয় লাখ টাকার বেশি হবে। প্রভাবশালী ব্যক্তিসহ বনদস্যুরা মা-গাছ হত্যা করছে। তাদের সঙ্গে টেকনাফ, হোয়াইক্যং ও উখিয়ার সংঘবদ্ধ কাঠচোর চক্র জড়িত।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিল মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণে এমনটা ঘটেছে।
জানতে চাইলে জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, যে মা–গর্জনগাছগুলো অবশিষ্ট রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শত বছরের ধলি গর্জনগাছ হত্যাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।