লোহাগড়ায় তিনটি বাল্যবিবাহ ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিনটি বাল্যবিবাহ ঠেকালেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার তিনটি গ্রামে পরিচালিত এই আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই গ্রামের কাদিরপাড়ার জামাল ফকিরের ছেলে হাবিবুল্লাহ ফকিরের (২৫) বিয়ের আয়োজন করা হয়। এখানে কনের বাবা, হবু বর হাবিবুল্লাহ ফকির ও ঘটক জিন্নাত মোল্যাকে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের নবম শ্রেণির আরেক ছাত্রীর বিয়ের আয়োজন করায় হবু বর এগারোনলী গ্রামের রবিউল মোল্যাকে (২০) ১৫ দিন কারাদণ্ড এবং বিয়ের আয়োজক মাকড়াইলের নিসার আলীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, উপজেলার ইতনা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করায় ছেলের বাবা মোশারফ মোল্যা এবং মেয়ের মাকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।