লোহাগাড়ায় গাছ লাগানোর কর্মসূচি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে ‘বৃক্ষ তুমি ক্ষমা করো’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি শুরু হয়।
এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও শিক্ষকেরা অংশ নেন। এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। উদ্বোধনের সময় তিনি বলেন, গাছ কেটে জামায়াত-শিবির যে অপকর্ম করেছে, কোনো সভ্য মানুষ তা করতে পারে না। পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা মৌলবাদী ও জঙ্গিবাদীদের কিতাবে রয়েছে, ইসলামের কিতাবে নেই।
মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে জামায়াত-শিবির প্রায় পাঁচ হাজার গাছ কেটে সড়ক অবরোধ করেছিল। ওই ক্ষতি পুষিয়ে নিতেই ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়। গতকাল স্থানীয় আউলিয়া ডিগ্রি কলেজ, আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, আধুনগর ও চুনতিতে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া গুল-এ-জার বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফাতেমা ফারজানা বলে, ‘গাছ আমাদের বন্ধু। হরতাল-অবরোধের নামে যেভাবে গাছ কেটে ফেলা হয়েছে, তা সত্যিই অমার্জনীয় অপরাধ। তাই বিদ্যালয়ের আমরা শিক্ষার্থীরা সবাই মহাসড়কে গাছ লাগিয়েছি।’
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বলেন, ওই দিন জামায়াত-শিবিরের তাণ্ডবে রক্ষা পায়নি গাছগুলো। এ কারণে তাঁরা গাছ লাগানোর উদ্যোগে শামিল হয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, ‘ইতিমধ্যে আমরা দুই হাজার গাছ লাগিয়েছি। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছ লাগানো হবে। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।’