লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি খাঁন দীঘি এলাকায় গতকাল শুক্রবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।
নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলো চকরিয়ার নুরুল আমিন ও মহেশখালীর মো. ইসহাক। নিহত ছয়-সাত মাস বয়সী একটি শিশুর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন আহত লোকজনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা যায়। আহত অন্তত ৫০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজিব মাহফুজ জানান, গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বাস দুটি পুলিশের হেফাজতে আছে।