লোহাগাড়ায় দুটিতে আ.লীগ, একটিতে জামায়াত জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার অনুষ্ঠিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এবং একটিতে জামায়াত-সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, লোহাগাড়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নুরুচ্ছফা চৌধুরী ৪ হাজার ৫৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি-সমর্থিত প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩ হাজার ১৩৫ ভোট।
আধুনগর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আইয়ুব মিয়া পেয়েছেন ৫ হাজার ৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নাসের চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৪৯১ ভোট।
আমিরাবাদ ইউনিয়নে জামায়াত-সমর্থিত প্রার্থী কাজী নুরুল আলম পেয়েছেন ৪ হাজার ৬৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ২৭২ ভোট।
লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আল মামুন বলেন, দুটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে।
নোয়াখালীর রসুলপুর ইউনিয়ন পরিষদ: নোয়াখালী অফিস জানায়, বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ ঘটনায় নয়টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গতকাল এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোট গ্রহণ স্থগিত করা কেন্দ্র দুটি হলো রফিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান দুই কেন্দ্রের ভোট স্থগিত করার কথা নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক প্রার্থীর পক্ষের লোকজন কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
গত ২৮ এপ্রিল এই ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিনের মৃত্যুর কারণে চেয়ারম্যানের পদটি শূন্য হয়।
সাতটি কেন্দ্রের ঘোষিত ফলে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরুল হোসেন এগিয়ে রয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়।