লোহাগাড়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা জামছড়ি খালে পড়ে তিনটি শিশু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুগুলোর পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, চরম্বা জামছড়ি খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় খালের ভেতরে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। শিশু তিনটি ওই গর্তে পড়ে মারা গেছে।
স্থানীয় সূত্র জানায়, চরম্বার জান মোহাম্মদপাড়ার নুরুল আলমের ছেলে মো. নাইম (৮), মো. আলীর ছেলে মো. ইরফান (৯) ও মো. জসিমের ছেলে মো. সাব্বির (৯) গতকাল দুপুরে খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে খালের ভেতরে শিশু তিনটির লাশ ভাসতে দেখা যায়। তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, চরম্বা জামছড়ি খাল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে খালের বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। এতে এ দুর্ঘটনা ঘটেছে।
শিশু নাইমের বাবা নুরুল আলম বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়াতে দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
বালুমহালের ইজারাদার আবুল কাশেম বলেন, এটা নিছক দুর্ঘটনা। তাঁর দাবি, তিনি সরকারি নিয়ম মেনে বালুমহাল ইজারা নিয়েছেন।
তবে চরম্বা ইউপির চেয়ারম্যান সাদত উল্লাহ বলেন, যে স্থানে শিশু তিনটি ডুবে মারা গেছে, তা ইজারাভুক্ত এলাকার বাইরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনুর রহমান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু তিনটির পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি জানান, ওই স্থান থেকে বালু তোলার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।