লোহাগাড়ায় বাস টার্মিনাল নেই, বাড়ছে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট সমস্যা দিন দিন বাড়ছে। এতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থায়ী বাস টার্মিনাল না থাকায় এ সমস্যা হচ্ছে বলে মনে করছে এলাকাবাসী।
সড়কের ওপর রয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও চাঁদের গাড়িসহ বিভিন্ন যানবাহনের অবৈধ স্টেশন। এ ছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণ করা হয়েছে দোকানপাট। সংশ্লিষ্টরা বলছেন, এসব কারণেও মহাসড়কে যানজট সমস্যা প্রকট হচ্ছে।
এ প্রসঙ্গে সৌদিয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. কফিল উদ্দিন বলেন, চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যবর্তী স্থান হওয়ায় লোহাগাড়া বটতলী স্টেশনে বিভিন্ন গাড়ি যাত্রাবিরতি করে। এতে এ এলাকায় যানজট লেগে থাকে। স্থায়ীভাবে টার্মিনাল নির্মাণ করা হলে যানজট হ্রাস পাবে। এতে এলাকার মানুষের দুর্ভোগ কমবে।
লোহাগাড়া বটতলী স্টেশনের ব্যবসায়ী সাহাবউদ্দিন চৌধুরী বলেন, যানজটের কারণে ক্রেতাসহ বিভিন্ন শ্রেণির মানুষের দৈনন্দিন কাজে নানা সমস্যার সৃষ্টি হয়।
লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সভাপতি মামুনর রশিদ চৌধুরী বলেন, এলাকাবাসীর দুর্ভোগ কমাতে আলাদা বাস টার্মিনাল স্থাপনের কোনো বিকল্প নেই।