লোহাগাড়ায় বাস ফুটপাতে, মা-মেয়েসহ নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের পথচারীদের চাপা দিলে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শিমু রানী (৫), সুমিতা রানী (২৫) ও আরেফা বেগম (৫০)। নিহত সুমিতা রানীর স্বামী অসীম কুমার লোহাগাড়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান। তাঁদের একমাত্র মেয়ে শিমু।
শিমু রানী লোহাগাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য মা-মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজারমুখী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। ফুটপাতে দাঁড়ানো শিমু রানী, সুমিতা রানী এবং আরেফা বেগম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।