লোহাগাড়ায় বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা, আটক ২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ভবন নির্মাণের কাজে যুক্ত শ্রমিকসহ কয়েকজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
ভবন নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান।
এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।
বিদ্যালয় সূত্র জানায়, উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে রশিদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ গতকাল সকালে শুরু করা হয়। এ সময় বিদ্যালয়ের পাশের কয়েকটি পরিবার তাঁদের পৈতৃক সম্পত্তির ওপর জোর করে ভবনটি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। একপর্যায়ে তাঁরা ভবন নির্মাণে বাধা দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুর শুক্কুর বলেন, স্থানীয় কয়েকজন বিনা কারণে ভবন নির্মাণে বাধা দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে জায়গার মালিক দাবিদার মো. মুছা বলেন, তাঁদের ছয় শতক জায়গা দখল করে ভবন বানাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।