লোহাগাড়ায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারণ্য এলাকায় ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজারের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফারুকুল ইসলাম, ফরিদুল আলম ও তানিজনা আক্তার।
পুলিশ জানায়, গত বছরের ৮ ডিসেম্বর রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. নোমানকে অপহরণ করে চুনতি অভয়ারণ্যে আটকে রাখা হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫ হাজার টাকা, ১ লাখ ৩০ হাজার টাকার দুটি চেক ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছবি তুলতে বাধ্য করে তারা।
এ ঘটনায় ব্যবসায়ী নোমান গত ২৮ ডিসেম্বর সাতজনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। তাঁরা অপরাধ স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।