লোহাগড়ায় আহত আরেকজনের মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত হওয়ার পাঁচ দিন পর ইকবাল মৃধা (৩৪) মারা গেছেন। গত শনিবার রাত ১১টার দিকে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকবাল ওই গ্রামের আক্কাস মৃধার ছেলে। এ নিয়ে ওই সংঘর্ষে দুজনের মৃত্যু হলো।
ইকবালের ভাতিজা রাসেল মৃধা বলেন, গত মঙ্গলবার হামলায় গুরুতর আহত ইকবালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার পরিবর্তন না হলে খুলনার একটি ক্লিনিকে এক দিন আগে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে চল্লিশের অধিক কোপের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে নেওয়া হয়েছে।
থানা-পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য উজ্জ্বল ঠাকুর এবং সাবেক সদস্য হিমায়েত হোসেন পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ইউপি নির্বাচনে এ দ্বন্দ্ব আরও প্রকট হয়।
সর্বশেষ গত মঙ্গলবার সকালে উজ্জ্বল ঠাকুর পক্ষের ৩০-৪০ জন ওই গ্রামে হিমায়েত হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় নুর ইসলাম (৪৮) এবং তাঁর ভাতিজা ইকবাল মৃধা (৩২) গুরুতর আহত হন। নুর ইসলামকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে এক নারীসহ আরও অন্তত ১০ জন আহত হন। নুর ইসলাম হত্যার ঘটনায় তাঁর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে উজ্জ্বল ঠাকুর ও তাঁর বাবা দুলাল ঠাকুরসহ ৪৫ জনকে আসামি করে গত শুক্রবার লোহাগড়া থানায় মামলা করেন।
এদিকে উজ্জ্বল ঠাকুর পক্ষের লোকজন অভিযোগ করেন, নুর ইসলাম মারা যাওয়ার পর থেকে প্রতিপক্ষের লোকজন এ পর্যন্ত অন্তত ৬০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ি ভাঙচুরের বিষয়ে একটি এজাহার পেয়েছি। মামলা করা হবে।’