লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৭
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচন সামনে রেখে গত বুধবার রাতে কচুবাড়িয়া এলাকায় পিস্তলসহ উজ্জ্বল শেখ নামে এক যুবককে এলাকাবাসী আটক করে থানায় নিয়ে যান। সেখানে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।
এ ঘটনায় কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে ছয়জনকে কারাগারে পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উজ্জ্বলের বাড়ি উপজেলার তেলকাড়া গ্রামে। এ ছাড়াও কচুবাড়িয়া এলাকার রাস্তায় আরেকটি পিস্তল পাওয়া যায়। দুটি পিস্তলে সাতটি গুলি ছিল। উজ্জ্বল আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী শরিফুল ইসলামের সমর্থক।
কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের অভিযোগ, মতিয়ারকে হত্যার উদ্দেশ্যে উজ্জ্বল অস্ত্র নিয়ে কচুবাড়িয়া এলাকায় আসেন। মতিয়ার আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলমের সমর্থক।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন রাত নয়টার দিকে উজ্জ্বলকে আটকের পর লোহাগড়া থানায় নিয়ে যান। এরপর থানার সামনে মেয়র পদপ্রার্থী শরিফুলের ভাই মনিরুল ইসলামকে তাঁরা মারধর করেন। এদিকে উজ্জ্বল শেখ আটক হওয়ার পর শরিফুল ইসলাম কচুবাড়িয়ার বিবেক দত্তের বাড়িতে আশ্রয় নেন। ইউপি চেয়ারম্যান মতিয়ারের সমর্থকেরা ওই বাড়ি ঘেরাও করেন। পরে সেখান থেকে পুলিশ শরিফুলকে উদ্ধার করে। রাত ১২টার দিকে একদল লোক বিবেক দত্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাঁর একটি ঘর পুড়ে যায়।
এদিকে শরিফুলের শাস্তির দাবিতে ইউপি চেয়ারম্যান ও তাঁর সমর্থকেরা থানার সামনে স্লোগান দেন। একপর্যায়ে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রপ্তার করা হয়।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মতিয়ারের নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা করে ও ১৫টি ফাঁকা গুলি ছোড়ে। থানায় হামলার এ ঘটনায় মতিয়ারসহ ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে উজ্জ্বলকে আসামি করে পৃথক মামলা হয়েছে।