লোহাগড়ায় এক মাসেও চাল পাননি উপকারভোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক উদ্বোধনের প্রায় এক মাস পেরোলেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমে নড়াইলের লোহাগড়া উপজেলায় উপকারভোগী পরিবারের তালিকা তৈরি হয়নি। ফলে সেপ্টেম্বর মাসের চাল তুলতে পারেননি ডিলাররা। কম দামে চাল কেনার সুযোগ থেকে বঞ্চিত হলো হতদরিদ৶ পরিবারগুলো।

গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির অধীন দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্র পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে সরকার।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় রয়েছে লোহাগড়া উপজেলায় ১৫ হাজার ৮৪১টি পরিবার। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এ জন্য এ উপজেলায় ৩২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এবং আগামী বছরের মার্চ ও এপ্রিলÑএই পাঁচ মাস এ বিশেষ সহায়তা পাবে এসব হতদরিদ্র পরিবার।

উপকারভোগীদের তালিকা তৈরি করতে প্রতিটি ইউনিয়নে ১৭ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি উপজেলার একজন কর্মকর্তা এবং সদস্যসচিব হলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। এ ছাড়া ইউপি চেয়ারম্যান ও সব ইউপি সদস্য এবং দুজন গণ্যমান্য ব্যক্তি এ কমিটিতে আছেন। এ কমিটি উপকারভোগীদের তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে জমা দেবে। উপজেলা কমিটি অনুমোদন দেওয়ার পর ডিলাররা উপকারভোগীদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবেন। গত ৮ সেপ্টেম্বর লোহাগড়ায় ডিলার নিয়োগ চূড়ান্ত হয়। ওই দিন প্রতিটি ইউনিয়নে উপকারভোগীদের তালিকা তৈরি করতে চিঠি দেওয়া হয়। ১২টি ইউনিয়নের মধ্যে গতকাল সোমবার ৯টির তালিকা উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। শালনগর, কোটাকোল ও ইতনা ইউনিয়নের তালিকা এখনো জমা হয়নি।

১০ সদস্যের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব উপজেলা খাদ্যনিয়ন্ত্রক। গত ২৯ সেপ্টেম্বর উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় উপকারভোগীদের তালিকা দ্রুত পাঠানোর জন্য ইউপি চেয়ারম্যানদের তাগাদা দেন ইউএনও সেলিম রেজা। তিনি জানান, সব ইউনিয়নের তালিকা উপজেলা কমিটির কাছে জমা হওয়ার পরই অনুমোদন দেওয়া যাবে। সেপ্টেম্বর মাস পার হয়ে যাওয়ায় ওই মাসের চাল আর দেওয়া সম্ভব হবে না।

ইতনা ইউনিয়ন কমিটির সদস্যসচিব ও ইউপি সচিব মোস্তাফিজুর রহমান বলেন, উপকারভোগীদের ভোটার আইডি কার্ড পেতে দেরি হওয়ায় তালিকা পাঠাতে দেরি হচ্ছে।

কোটাকোল ইউপির চেয়ারম্যান হেমায়েত হোসেন বলেন, ইউনিয়ন বাছাই কমিটিতে উপকারভোগীদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন মেম্বাররা (সদস্য)। তাঁদের কারণে তালিকা পাঠাতে দেরি হয়েছে। এক-দুই দিনের মধ্যে তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে পাঠানো হবে।