লোহাগড়ায় ছয় মাসে ১০০ বাল্যবিবাহ বন্ধ
নড়াইলের লোহাগড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে গত ছয় মাসে প্রায় ১০০টি বাল্যবিবাহ ঠেকানো গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত ছয় মাসে বাল্যবিবাহ বন্ধ করতে ৪৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বর, বর ও কনের অভিভাবক, বিবাহ নিবন্ধনকারী এবং বিয়ের আয়োজককে সর্বোচ্চ এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। অনেককে জরিমানাও করা হয়। এ ছাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপে আরও অন্তত ৫০টি বাল্যবিবাহ বন্ধ করা হয়।
উপজেলা প্রশাসন বাল্যবিবাহ বন্ধ করে দুই কিশোরীকে শিক্ষা উপবৃত্তি দিয়েছে। এক কিশোরীর মাকে দেওয়া হয়েছে বিধবা-ভাতা। সব মহলকে সচেতন করতে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও বিবাহ নিবন্ধনকারীদের নিয়ে কয়েক দফা কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে।
উপজেলার কয়েকজন বিবাহ নিবন্ধনকারী প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ দেওয়া যাবে না—এ ধরনের বার্তা এখন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। অভিভাবকেরা সতর্ক হয়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগ বেশ সফল হয়েছে।
ইউএনও মো. সেলিম রেজা বলেন, ইমাম ও বিবাহ নিবন্ধনকারী ব্যক্তিরা অনেক বেশি সচেতন হয়েছেন।