নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী লিপি খানমের পরাজয় এবং বিপুল ভোটের ব্যবধানে ‘বিদ্রোহী’ প্রার্থী আশরাফুল আলম জয়ী হওয়ায় কেউ বিস্মিত নন। বরং অনেকে জোর দিয়েই বলেছেন, কাঙ্ক্ষিত রায় পেতে ভোটারদের অপেক্ষার অবসান হয়েছে।
লোহাগড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আওয়ামী লীগ, বিএনপির দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ১৫ জন ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা এ কথা বলেন। তবে বেশির ভাগ ভোটারের অভিমত, ত্যাগী
নেতাদের বাদ দিয়ে এলাকায় অপরিচিত ও অরাজনৈতিক ব্যক্তির হাতে নৌকা তুলে দেওয়ায়ই পরাজয়ের কারণ।
পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন বলেন, আশরাফ দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। মাঠের ত্যাগী নেতা। অন্যদিকে লিপি খানম কখনো রাজনীতিতে ছিলেন না। আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মী ও ভোটাররা তাঁকে মেনে নিতে পারেননি। তিনি মার্কার কারণে কিছু ভোট পেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আশরাফের বিজয়ই কাঙ্ক্ষিত ছিল। পৌর এলাকা নবগঙ্গা নদী দিয়ে লোহাগড়া ও লক্ষ্মীপাশা নামে দুই পারে বিভক্ত। এই আঞ্চলিকতার প্রভাব নির্বাচনে পড়ে। আশরাফের পৈতৃক বাড়ি লোহাগড়া প্রান্তে। তবে তাঁর পরিবার দীর্ঘদিন ধরে লক্ষ্মীপাশায় বাড়ি করে বসবাস করছে। এ ছাড়া নির্বাচনে তাঁর বিপক্ষে অবস্থান নেওয়ায় লিপি খানম মুক্তিযোদ্ধা ও একাধিক ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ রয়েছে। অবশ্য লিপি খানম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আওয়ামী লীগের প্রার্থী লিপি খানম অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। সুষ্ঠু পরিবেশের অভাব ছিল। সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া হয়েছে। বিশেষ করে কচুবািড়য়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিবেক দাসের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে সংখ্যালঘু ভোটাররা কেন্দ্রে আসতে ভয় পেয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন বলেন, এসব অভিযোগ ঠিক নয়। নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও অবাধ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার বলেন, লিপি খানমের পক্ষে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া ওয়ার্কার্স পাটির স্থানীয় সাংসদ শেখ হাফিজুর রহমান মাঠ চষে বেড়িয়েছেন। অথচ সাংসদের নিজের ভোটকেন্দ্র লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে নৌকা পেয়েছে মাত্র ৮১ ভোট। সেখানে আশরাফ ১ হাজার ২৩ ভোট এবং বিএনপির প্রার্থী পেয়েছেন ৪৩২ ভোট। এ ছাড়া সাংসদের বাড়ির কাছাকাছি এলাকার আরও তিনটি ভোটকেন্দ্রে ভোটের চিত্র প্রায় একই রকম।