লোহাগড়ায় শুকনো মৌসুমেও মধুমতীতে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে নতুন করে মধুমতী নদীতে ভাঙন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২২ দিনে ২০-২১টি বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে অনেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
সম্প্রতি ওই ইউনিয়নের কাশিপুর গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনের মুখে পড়ে অনেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। কেউ কেউ অন্যের জায়গায় ছাপরা তুলে, কেউবা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
স্থানীয়রা বলেন, গত ২২ দিনে এ ইউনিয়নের মাকড়াইল, কাশিপুর, রামচন্দ্রপুর, কাতলাশুর, নওখোলা, আজমপুর, শিয়রবর ও রামকান্তপুর গ্রামের অন্তত ২০টি বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সড়ক এবং অন্যান্য সামাজিক স্থাপনা।
বারবার নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি, গাছপালা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন এলাকার মানুষ। তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
কাশিপুর গ্রামের রুবিয়া বেগম (৫৫) বলেন, তাঁদের সাত-আট একর জমি ও ভিটেবাড়িটি নদীতে গেছে। পরে ৯ শতাংশ জমিতে ঘর তুলে বসবাস করছিলেন। কয়েক দিন আগে সেটাও বিলীন হয়ে গেছে। এখন অন্যের বাড়িতে থাকেন। এখন পেটের দায়ে ভিক্ষা করেন।
তাঁর প্রতিবেশী আয়শা বেগম (৫৮) বলেন, ‘যার জাগায় ছাবড়া তুলিছি সে লোক হ্যান্যে চলে যাতি কচ্ছে। কোন জাগা যাব?’
সরেজমিনে দেখা যায়, নদীভাঙনে হুমকির মুখে পড়েছে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদী থেকে এখন দূরত্ব ৩০ ফুটের মতো।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মইনুল হোসেন বলেন, গত ২২ দিনে অন্তত ৩০ ফুট এগিয়ে এসেছে নদী। গত বর্ষাতেও বেশ খানিকটা ভেঙেছে। এবার বুঝি বিদ্যালয়টা আর টিকবে না।
স্থানীয়রা বলেন, গত বর্ষায় নদীভাঙনে হাজারখানেক মানুষ গৃহহারা হন। ২০ একরের শিয়রবর বাজার পুরোটা নদীতে চলে যায়। বর্ষার পর এ শুকনো মৌসুমে নদী আবারও ভাঙছে। কিন্তু তাঁদের দুর্দশা দেখার কেউ নেই।
পানি উন্নয়ন বোর্ডের লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী এ এইচ এম আল জহির বলেন, ওই এলাকার ভাঙনরোধে গত পাঁচ বছরে বহুবার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সর্বশেষ এক মাস আগে মধুমতী-নবগঙ্গা প্রকল্পের আওতায় ৪০০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এ শুকনো মৌসুমে বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।