
রাজশাহী বার্ড ক্লাবের মারুফ রানা জানাল, রাজশাহীর পদ্মার চরে এসেছে ঢেঙ্গা পা ও লম্বা ঠোঁটের এক বিশাল পাখি। ২০১৬ সালের জানুয়ারির প্রথম দিনই ওরা এই পাখির দেখা পায়। এরই মধ্যে রাজশাহী যাওয়ার সুযোগ হলো। সঙ্গে পক্ষী-আলোকচিত্রী সাজ্জাদ খান (রনি)। ওর স্থানীয় বন্ধু মুরাদ, রাসেল, রফিকসহ পাঁচজনে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় চাপলাম। ২৯ জানুয়ারি সারা দিন পুরো পদ্মা ও আশপাশের চর ঘুরেও ওর কোনো হদিস পেলাম না। পরদিন পাখিটিকে দেখার দাবিদার নুরুল মাঝির নৌকায় চেপে নানা জায়গায় ঘুরেও দেখা পেলাম না।
বটতলার ঘাটে এসে বুলনপুর ও হারুপুর পার হয়ে সামনে এগোলাম। নবগঙ্গার কাছাকাছি চলে এসেছি। সবাই নৌকায় শুয়ে আছে। আমি বাইনোকুলার হাতে সজাগ দৃষ্টিতে নৌকার গলুইয়ে দাঁড়িয়ে। এমন সময় চরের ওপর দুটি কালো কিছু নজরে এল। যাকে দুই দিন ধরে খুঁজছি, এ তো সে-ই! রনিকে চুপিচুপি ডেকে পজিশন নিতে বললাম। মাঝিকেও নির্দেশনা দিলাম কীভাবে পাখিটির নিরাপদ দূরত্বে গিয়ে ইঞ্জিন বন্ধ করতে হবে। হাঁটুজোড়া ভেঙে পাখি দুটি বসে ছিল। একটু একটু করে সামনে এগোচ্ছি আর ক্যামেরায় ক্লিক করছি। এবার ওরা দাঁড়িয়ে হাঁটা শুরু করল এবং শেষে উড়াল দিল।
যে পাখির কথা বললাম, এরা হলো এ দেশের সবচেয়ে উঁচু সারস পাখি লোহারজঙ্গ (Black-necked Stork)। লোহারজঙ্গা কালোগলা মানিকজোড় বা রামশালিক নামেও পরিচিত। Ciconiidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Ephippiorhynchus asiaticus।
লোহারজঙ্গের দৈর্ঘ্য ১২৮ থেকে ১৫০ সেন্টিমিটার, প্রসারিত ডানা ২৩০ সেন্টিমিটার, ওজন ৪.১ কেজি। প্রাপ্তবয়স্ক পাখির মাথা, ডানা-ঢাকনি ও লেজ ঘন কালো। পিঠের ওপরটা সাদা-কালো। লম্বা গলাটি চকচকে কালো, যার ওপর সূর্যের আলো পড়লে সবুজ, নীল বা বেগুনি আভা ছড়িয়ে পড়ে। দেহের বাকি অংশ ধবধবে সাদা। লম্বা কালো ঠোঁট। পা ও পায়ের পাতা প্রবাল লাল। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, তবে স্ত্রীর চোখের মণি হলুদ এবং পুরুষেরগুলো বাদামি। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহের রং বাদামি। যুবক-যুবতী দেখতে বড়গুলোর মতো হলেও পা কালো।
লোহারজঙ্গের বিস্তৃতি দক্ষিণ ও দিক্ষণপূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত। এককালে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিচু জলাভূমি, নদী, বিল ও সুন্দরবনে বাস করত। এখন দেখা মেলে না। জানামতে, ২০১১ সালে হাকালুকি হাওরে এদের দেখা যায়। রাজশাহীর পদ্মার চরে এবারই সম্ভবত প্রথম দেখা গেল। এরা সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। ধীরে ডানা নেড়ে আকাশে ওড়ে। উত্তেজিত হলে ঠোঁট দিয়ে ঠক ঠক শব্দ তোলে। অগভীর পানিতে ঠোঁট ঢুকিয়ে চিংড়ি, ছোট মাছ, ব্যাঙ, সরীসৃপ, গুগলি, কীটপতঙ্গ, পাখি ও কচ্ছপের ডিম ইত্যাদি খায়।
সেপ্টেম্বর-ডিসেম্বর প্রজননকাল। এরা সারা জীবনের জন্য জোড় বাঁধে। সচরাচর পানির ধারে বা আবাদি জমির মাঝখানে দাঁড়িয়ে থাকা উঁচু গাছের মগডালে ডালপালা, খড় ও পাতা দিয়ে বড় বাসা তৈরি করে। স্ত্রী তাতে ২ থেকে ৫টি ফ্যাকাশে সাদা ও মোচার মতো ডিম পাড়ে। ডিম ফোটে ২৯-৩০ দিনে। ৩-৪ মাসে উড়তে শেখে এবং ১৮ থেকে ২৮ মাসে বয়ঃপ্রাপ্ত হয়। লোহারজঙ্গ বিশ্বে প্রায় বিপদগ্রস্ত পাখি হিসেবে চিহ্নিত।