লৌহজংয়ে বালু তুলতে বাধা দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারসংলগ্ন খাল থেকে বালু তুলতে বাধা দেওয়ায় বালু তোলার ঘটনায় জড়িত ব্যক্তিরা এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হন। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নওপাড়া দক্ষিণ চারিগাও গ্রামের খাল থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং বালু তোলার কাজে ব্যবহৃত খননযন্ত্রের পাইপ খুলে ফেলে। এ সংবাদ পেয়ে বালু তোলার সঙ্গে জড়িত মুক্তার মোড়ল তাঁর লোকজন নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে আনোয়ার মোল্লা (৪৮) মো. মাসুদ খান (৩৪), বাদশা আলম (৩২) শরিফ (২৫) ও অসিমকে (৩৪) নওপাড়া ক্লিনিক ও পাশের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বালু তোলা ও এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় জড়িত মুক্তার মোড়লের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে গতকাল রোববার রাত আটটায় লৌহজং থানার উপপরিদর্শক জুলহাস মিয়া জানান, নওপাড়ায় হামলার ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি।