লো-ভোল্টেজ সমস্যায় উপজেলাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লো-ভোল্টেজের সমস্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছে না। একই কারণে টেলিভিশন, রেফ্রিজারেটরসহ নানা ধরনের বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হচ্ছে এবং বিদ্যুৎ-নির্ভর অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। একটি বিদ্যুৎ উপকেন্দ্র চালু না হওয়ায় লো-ভোল্টেজ সমস্যার সমাধান হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জগন্নাথপুর বাজারের চালকলের মালিক মির্জা জিলু মিয়া বলেন, ‘বৈদ্যুতিক সমস্যার কারণে আমার ব্যবসা চার মাস ধরে বন্ধ রয়েছে।’ একই বাজারের করাতকলের মালিক প্রবীর সূত্রধর বলেন, লো-ভোল্টেজের কারণে উপজেলার অধিকাংশ করাতকল বন্ধ রয়েছে। জগন্নাথপুরের শহীদ মিনারসংলগ্ন এলাকার বাসিন্দা রোমানুল হক বলেন, ‘যেখানে ২৫০-৩০০ ভোল্ট বিদ্যুৎ থাকার কথা, সেখানে আমরা মাত্র ৩০ থেকে ৪০ ভোল্ট বিদ্যুৎ পাই।’কলেজছাত্রী সূচনা দে বলেন, ‘লো-ভোল্টেজের কারণে বিদ্যুৎ থাকলেও সার্বক্ষণিক আমাদের হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করতে হয়।’উপজেলার বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে জগন্নাথপুর উপজেলা সদরে মাত্র এক হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। দীর্ঘ দূরত্ব ও তারের ধারণক্ষমতা কমে যাওয়ায় এবং অতিরিক্ত সংযোগের কারণে ১৯৯৬ সাল থেকে লো-ভোল্টেজের সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে গ্রাহকসংখ্যা প্রায় ১০ হাজার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লো-ভোল্টেজ সমস্যার সমাধানে পৌর এলাকার ইকড়ছই আলখানাপাড়ায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হয়।উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, উপকেন্দ্রটি চালু করার জন্য সিলেট সদরের বড়ইকান্দি থেকে জগন্নাথপুর পর্যন্ত ৪৪ কিলোমিটারে বৈদ্যুতিক তার টানতে ও খুঁটি স্থাপনের জন্য দুই গ্রুপে দরপত্র আহ্বান করা হয়। ফয়জুল এন্টারপ্রাইজ ও আকিক ইন্টারন্যাশনাল নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। গত বছরের ৩০ সেপ্টেম্বর তাদের কার্যাদেশ দেওয়া হয়। ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। যথাসময়ে কাজ না করায় আকিক ইন্টারন্যাশনালকে বাদ দিয়ে নবায়ন এন্টারপ্রাইজকে একটি গ্রুপের কাজ দেওয়া হয়। ফয়জুল এন্টারপ্রাইজের নামে কাজ নেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি জগলুল চৌধুরী। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি আজও কাজ শেষ করতে পারেনি।নবায়ন এন্টারপ্রাইজের প্রকৌশলী মাজারুল ইসলাম বলেন, ‘আমরা কার্যাদেশ পাওয়ার পর অন্য সাইট থেকে খুঁটি সাইটে এনে কাজ শুরু করেছিলাম। কিন্তু বর্ষা মৌসুমের কারণে খুঁটিগুলো স্থাপন করতে পারছি না।’ জগলুল চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে মালামাল পেতে বিলম্ব হচ্ছে। মালামাল পাওয়ার পর কাজ শুরু করব।’উপজেলা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান জানান, যখন টেন্ডার করা হয়েছিল, তখন অফিসে পর্যাপ্ত মালামাল ছিল। ঠিকাদারেরা তখন কাজ শুরু করেননি। তিনি আরও বলেন, উপকেন্দ্রটি চালু হলেই লো-ভোল্টেজের সমস্যা সমাধান হয়ে যাবে।বিদুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় প্রকৌশলী হয়রত আলী বলেন, ‘আমরা কাজ শেষ করার জন্য বারবার ঠিকাদারদের তাগাদা দিচ্ছি। ঠিকাদারেরা বর্ষা মৌসুমের পর পরই কাজ শুরু করবেন।’