লো ভোল্টেজে নাকাল দুই উপজেলার গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লো ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুই মাস ধরে দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার পল্লী বিদ্যুতের ৩০ হাজার গ্রাহক। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলেন, সঞ্চালন লাইন সংস্কারের কারণে বিকল্প লাইন টেনে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কম ক্ষমতার বিকল্প লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহের কারণে লো ভোল্টেজ হচ্ছে। মাসখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হবে।
রামগতি উপজেলা ওয়ার্কশপ (লেদ ও গ্রিল ওয়ার্কশপ) মালিক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে দিনের বেলায় বিদ্যুতের ভোল্টেজ খুবই কম থাকে। তার ওপর চলছে ঘন ঘন লোডশেডিং। এ কারণে ওয়ার্কশপের যন্ত্র চালানো যাচ্ছে না। এতে উপজেলার ৮০টি ওয়ার্কশপে কাজকর্ম ব্যাহত হচ্ছে।
রামগতি উপজেলা করাতকল মালিক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, যে পরিমাণ ভোল্টেজ থাকে, তাতে করাতকল চালানো যায় না। ডিজেলচালিত ইঞ্জিনের সাহায্যে করাতকল চালাতে গেলে খরচ বেশি হয়। এতে উপজেলার ৪০টি করাতকলের বেশির ভাগই দিনে বন্ধ রাখতে হচ্ছে। তিনি আরও বলেন, লো ভোল্টেজের কারণে কয়েক দিন আগে তাঁর একটি মোটর নষ্ট হয়ে গেছে।
উপজেলা সদরের কাজল স মিলের শ্রমিক সরদার আবদুর রশিদ বলেন, করাতকল বন্ধ থাকার কারণে তাঁদের আয় কমে গেছে। এতে তাঁরা বিপাকে পড়েছেন।
বরফকলের মালিক আবুল কাশেম বলেন, কমপক্ষে আট ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেলে বরফ তৈরি করা যায় না। কিন্তু দিনে লো ভোল্টেজের কারণে বরফ তৈরি ব্যাহত হচ্ছে। এতে উপজেলার ১০টি বরফকলের মালিক ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রামগতি উপজেলা সদরের এস আলম এন্টারপ্রাইজের নেছার উদ্দিন বলেন, লো ভোল্টেজের কারণে ফটোকপি মেশিন চলছে না। এতে তাঁর আয় কমে গেছে।
সোনালী ব্যাংকের চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক উদয়ন মজুমদার বলেন, বিদ্যুতের এই অবস্থার কারণে ব্যাংকের কম্পিউটারগুলো ঠিকমতো চালানো যাচ্ছিল না। এতে বিঘ্নিত হচ্ছিল গ্রাহকসেবা। এ অবস্থায় জেনারেটর দিয়ে কাজ চালানো হচ্ছে।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. এমরান গনি বলেন, লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ থেকে রামগতি উপজেলা সদরের চর আলেকজান্ডার বিদ্যুৎ উপকেন্দ্র পর্যন্ত ২৬ কিলোমিটার প্রধান সঞ্চালন লাইন প্রায় ৩০ বছরের পুরোনো। ওই লাইনটি সংস্কারের কাজ চলছে। সপ্তাহে চার দিন (বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করা হচ্ছে। গত দুই মাসে ৪০০ খুঁটি পরিবর্তন করা হয়েছে। নতুন তার লাগানো হয়েছে প্রায় ১৫ কিলোমিটার লাইনে। তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ করতে আরও মাসখানেক লাগবে। মে মাসের শুরুতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।
এমরান গনি বলেন, পুরোনো লাইনটি ৫ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার (এমভিএ) বিদ্যুৎ সঞ্চালনের উপযোগী ছিল। পুরোনো তার ও খুঁটি সরিয়ে ৩০ এমভিএ বিদ্যুৎ সঞ্চালনের উপযোগী করা হচ্ছে। তিনি আরও বলেন, ১১ কেভির বিকল্প লাইন টেনে গ্রাহকদের (৩০ হাজার গ্রাহক) বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে লো ভোল্টেজ হচ্ছে। একই কারণে লোডশেডিংও আগের চেয়ে বেড়েছে। সংস্কারকাজের জন্য বিদ্যুৎ বিতরণ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়টি গ্রাহকদের আগেই জানানো হয়েছিল।