লো-ভোল্টেজে পুড়ে গেছে তিন শতাধিক মোটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লো-ভোল্টেজের কারণে বগুড়ার ধুনট উপজেলায় গত এক মাসে পুড়ে গেছে তিন শতাধিক বৈদ্যুতিক মোটর। এতে বোরো মৌসুমের শেষ মুহূর্তে বিপাকে পড়েছেন চাষিরা, উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধুনট উপজেলায় বিদ্যুৎচালিত সেচযন্ত্র রয়েছে ৬০০। এর মধ্যে গত এক মাসে লো-ভোল্টেজের কারণে বানিয়াগাতি বেলাল হাসেন, জালাল মিয়া, আকতার হোসেন, আলোয়া গ্রামের গোলাম হোসেন, বেলাল মিয়া, আবদুল কাদের, নশরতপুর গ্রামের হাফিজুর রহমান, কাশিয়াহাটা গ্রামের আবদুর রশিদ, বাচ্চু মিয়া, আবদুল মজিদ, ভরনশাহী গ্রামের নুরুল ইসলাম, সাতবেকি গ্রামের সুরুজ আলী, মানত আলী, জাহাঙ্গীর আলমসহ তিন শতাধিক চাষির মোটর পুড়ে গেছে। কোনো কোনো চাষির একটি মোটর চারবার পুড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। কেউ কেউ বৈদ্যুতিক মোটরের পাশে ডিজেলচালিত যন্ত্র স্থাপন করে সেচ দেওয়ার ব্যবস্থা করেছেন।পাকুরহাটের চাষি গোলাপ হোসেন বলেন, তাঁর বৈদ্যুতিক মোটর এ পর্যন্ত চারবার পুড়ে গেছে। বারবার মেরামত করতে তাঁর অনেক টাকা খরচ হয়ে গেছে। পারধুনট গ্রামের আবদুর রশিদ বলেন, মোটর পুড়ে যাওয়ায় এখন অতিরিক্ত টাকা খরচ করে ডিজেলচালিত যন্ত্র দিয়ে সেচ দিতে হচ্ছে। কিন্ত সব জমি এক জায়গায় না থাকায় তিন বিঘায় সেচ দিতে পারছেন না। ভরনশাহী গ্রামের নুরুল ইসলাম বলেন, ‘কষ্ট করে এবার যে ধান করিচ্ছি, ধানের দাম না পালি সব শেষ হয়্যা যাবি। এবার একবার বিদ্যুতের জন্যি ট্যাকা গেল, আবার তেল দিয়ে সেচ দিবার যাইয়া ট্যাকা গেল।’ধুনট বাজারে সেচযন্ত্র মেরামত করেন তুহিন মিয়া, মিলন ও নিরঞ্জন। তাঁরা জানান, তাঁদের কাছে প্রতিদিন পুড়ে যাওয়া মোটর আসছে। গত এক মাসে তিন শতাধিক মোটর এসেছে। তুহিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করছেন, কিন্তু এবারের মতো পুড়ে যাওয়া মোটরের সংখ্যা কখনোই ছিল না। এ ব্যাপারে ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মুন্সী নুর মোহাম্মদ বলেন, মোটর পুড়ে যাওয়ার বিষয়ে তাঁদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। লো-ভোল্টেজের কথা স্বীকার করে তিনি দাবি করেন, তাঁর জানা মতে, ২০-২৫টি মোটর পুড়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, এই সময়ে ধানে পানি না দিতে পারলে উৎপাদন কম হবে। চাষিদের বলা হয়েছে, যেভাবেই হোক সেচের ব্যবস্থা করতে হবে।