লো-ভোল্টেজের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা সদরের বাজার বণিক সমিতি ও বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল বুধবার এ কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে এ উপজেলায় বিরাজমান লো-ভোল্টেজ সমস্যা সমাধানের দাবিতে সভা-সমাবেশসহ নানা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। গতকালের কর্মসূচিতে শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ দল-মতনির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। পরে এক সমাবেশে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান প্রমুখ।জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন জানান, দাবি আদায়ে কাল (আজ বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালিত হবে।