লোক ও কারুশিল্প মেলা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে আগামীকাল শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা। গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ স্থানীয় সাংবাদিকদের জানান, মেলায় আবহমান গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরা হবে।পরিচালক রবীন্দ্র গোপ আরও জানান, মেলায় রাজশাহীর শখের হাঁড়ি, সোনারগাঁয়ের বেতশিল্প ও হাতপাখা, মাগুরার শোলাশিল্প, মণিপুরি তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি, নরসিংদীর পাটের শিকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর প্রদর্শনী থাকবে। প্রতিদিন সন্ধ্যায় মেলা চলার সময় ফাউন্ডেশনের লোকমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এ ছাড়া স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কানামাছি, গোল্লাছুট, ঘুড়ি ওড়ানো, দাঁড়িয়াবান্ধা, মোরগ লড়াইসহ বিভিন্ন দেশীয় খেলার আয়োজন থাকবে। মেলা উপলক্ষে ফাউন্ডেশন এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। এবারের মেলায় ১৯২টি স্টল থাকছে বলে জানান ফাউন্ডেশনের পরিচালক।