লোক কারুশিল্প মেলা কাল শুরু সোনারগাঁয়ে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাল শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৪’। মেলা শেষ হবে আগামী ১৪ মার্চ। গতকাল বুধবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, বাংলাদেশের পল্লি অঞ্চলের ৪৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ২০টি স্টল। তবে মেলায় মোট স্টলের সংখ্যা ১৮৪। ঝিনাইদাহ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি-ঘোড়া-পুতুল ও কাঠের কারুশিল্প, নকশি কাঁথা, হাতপাখা, সিলেটের শীতল পাটি, ধামরাইয়ের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প এবং টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প মেলায় স্থান পাবে।
মাসব্যাপী এ মেলায় বাউল, পালা, কবি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, হাছন রাজার গান, লালনগীতি ছাড়াও গ্রামীণ খেলাসহ বিভিন্ন ধরনের বিষয় প্রদর্শন করা হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে আটটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় আগের মতো ১৫ টাকা প্রবেশমূল্য লাগবে। ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ প্রমুখ।