লোক দেখানো কাজ বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রী এলে বেহাল সড়কের ওপর প্রলেপ দেওয়া হয়। কিন্তু এক বৃষ্টিতেই সব ধুয়েমুছে যায়। এসব লোক দেখানো কাজ বন্ধ করতে হবে। ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক ও মুক্তারপুর সেতুর সংযোগ সড়ক পরিদর্শন শেষে গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, উপসচিব দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মন্ত্রী ১৫ দিনের মধ্যে মুক্তারপুর সেতুর টোল প্লাজাসংলগ্ন সড়ক মেরামতের নির্দেশ দেন। সেই সঙ্গে সেতুর পাশের শিল্পাঞ্চলের সড়কের সংস্কারকাজ ও মুক্তারপুর-নারায়ণগঞ্জ ছয় কিলোমিটার সংযোগ সড়কের নির্মাণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি টঙ্গিবাড়ী বাইপাস সড়কের ঋষিবাড়ী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন।