লোক দেখানো ছিল কি না সন্দেহ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনের পুরো বিষয়টি লোক দেখানো ছিল কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামে সুজন আয়োজিত ‘আঞ্চলিক পরিকল্পনা সভায়’ তিনি এই মন্তব্য করেন। নগরের জিয়া স্মৃতি জাদুঘরের সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সুজন সম্পাদক বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে নাগরিক সমাজের মতামত কতটুকু এবং কীভাবে গ্রহণ করা হলো, এটা যদি প্রকাশ করা হতো তাহলে বিষয়টা দিনের আলোর মতো স্বচ্ছ হতো। রাজনৈতিক দলকে পাঁচটি করে নাম দিতে বলা হয়েছিল। এটা ভালো উদ্যোগ।

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের সঙ্গে যখন কথা হয়েছে তখন আমি বলেছি, এই প্রক্রিয়াটি গোপনীয়তার মধ্যে না করে স্বচ্ছতার মধ্যে করা হোক। যাতে এটি লোক দেখানো না হয়। গোপনীয়তার সংস্কৃতি পরিহার করে যেন স্বচ্ছতার সংস্কৃতি চর্চা করা হয়। কারণ, এটিই উত্তম পন্থা। কিন্তু এখন আমার তো মনে হলো সেভাবে হয়নি। গ্রামবাংলায় একটা প্রবাদ আছে, “আমার কাজ আমি করব, তোরে শুধু জিগাই লইবো”। মনে হচ্ছে এমন হয়ে গেল।’

বদিউল আলম মজুমদার বলেন, শক্তিশালী, কার্যকর ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। কিন্তু এটি যথেষ্ট নয়। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা, দায়িত্বশীলতা এবং দলগুলোর দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুজন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ সরকার, চট্টগ্রাম জেলার সম্পাদক আখতার কবীর চৌধুরী, চট্টগ্রাম জেলার সমন্বয়কারী সাখাওয়াত হোসেন প্রমুখ।

মুহাম্মদ সিকান্দার খান বলেন, ‘গণতন্ত্র ক্রমাগত সংকুচিত হয়ে যাচ্ছে। এখন তো মনে হয় এই পার্টি ওই পার্টিতে না গেলে টিকে থাকতে পারব না। এ অবস্থার অবসানে প্রত্যেককে সোচ্চার হতে হবে।’