লোক না থাকায় রেলস্টেশন কার্যালয় চার মাস বন্ধ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী রেলস্টেশনের বুকিং ইনচার্জ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় এ স্টেশনের কার্যালয় কক্ষটি গত প্রায় চার মাস ধরে বন্ধ আছে। আর এ স্টেশনে যাত্রাবিরতি করা সাতটি ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে বাধ্য হচ্ছে। এতে রেলওয়ে আর্থিক ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে। সালদানদী রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণপাড়ার সালদানদী রেলস্টেশনে দীর্ঘদিন কর্মরত ছিলেন বুকিং ইনচার্জ পিয়ার আহমেদ। গত ২৪ জুন তিনি পিআরএলে যান। এ স্টেশনে আর কোনো কর্মচারী নেই। তাই চার মাস ধরে এ স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। এর ফলে এখানে যাত্রাবিরতি করা সাতটি ট্রেনের যাত্রীরা বিপাকে পড়েছে। রেলস্টেশনের কার্যালয় কক্ষ বন্ধ থাকায় যাত্রীরা টিকিট কাটতে পারছে না। বাধ্য হয়ে তারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করছে। স্টেশনে মো. ময়নাল হোসেন, শফিকুল ইসলামসহ একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, ‘চার মাস যাবৎ স্টেশনের কার্যালয় কক্ষটি বন্ধ আছে। টিকিট কাটতে না পারায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে হয়। এর ফলে ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে দ্বিগুণ ভাড়া দিতে হয়। আমাদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত এ স্টেশনটিতে লোক নিয়োগ করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করুক।’ ছুটিতে যাওয়া সালদানদী রেলস্টেশনের বুকিং ইনচার্জ পিয়ার আহমেদ বলেন, ‘গত ২৪ জুন থেকে আমার ছুটি কার্যকর হয়েছে। সেই থেকে স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। এতে যাত্রীদের অসুবিধা ও রেলওয়ের আর্থিক ক্ষতি হচ্ছে।’