নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল বুধবার সকালে দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল গাফ্ফার নীলফামারী সিভিল সার্জনের হলরুমে নিয়োগ পাওয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে আবদুল গাফ্ফার বলেন, ‘তদন্ত শুরু হয়েছে, শেষ করতে কয়েক দিন সময় লাগবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাবে না।’জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন বলেন, ‘আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। আমরা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দুদকের কাছে পাঠিয়েছি।’গতকাল বিকেল তিনটার দিকে নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশীদ আকন্দ বলেন, ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীন অভিযোগ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে দুদক গতকাল নীলফামারীতে এসে তদন্ত শুরু করেছে। নিয়োগ পাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলছে। আমার সঙ্গে কোনো কথা হয়নি এখনো।’প্রসঙ্গত, গত ২১ মে নীলফামারীর সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে জেলার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও কার্যালয়ে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের মধ্যে এমএলএসএস, কুক, নিরাপত্তা প্রহরী, আয়া, ওয়ার্ডবয়, জুনিয়র মেকানিকস, সুইপার পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। ফলাফল প্রকাশ করা হয় ১১ সেপ্টেম্বর। টাকার বিনিময়ে দুর্নীতির মাধ্যমে অমুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেওয়া হয়েছে, সাধারণ কোটায়ও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে—এমন নানা অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সিভিল সার্জনের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছিলেন মুক্তিযোদ্ধারা। একই দাবিতে আগামী ৫ নভেম্বর নীলফামারী শহীদ মিনারে সকাল ১০টা থেকে গণ-অনশনের ডাক দিয়েছেন তাঁরা।