খৈফুল বেগমের বয়স ৭০। বুকে ব্যথার চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দায়িত্বরত চিকিৎসক তাঁকে ওষুধ লিখে দিলেন।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ‘দহগ্রাম-আঙ্গরপোতা ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল’-এর এই চিত্রটা গত ২৯ এপ্রিল দুপুরের। এ সময় জ্বর নিয়ে এসেছিলেন শাহনাজ পারভীন। চিকিৎসক তাঁকেও ওষুধ লিখে দিলেন। পাতলা পায়খানার কথা বললেন মিনা বেগম। মিনাও ব্যবস্থাপত্র পেলেন। প্রত্যেকে পাশের কক্ষ থেকে বিনা মূল্যে ওষুধ নিয়ে বাড়ি ফিরে গেলেন।
নাম জিজ্ঞেস করতেই চিকিৎসক বললেন, ‘ডাক্তার জিল্লুর রহমান’। নিজের ডিগ্রি সম্পর্কে বললেন, তিনি একজন ডিএমএফ। অর্থাৎ ডিপ্লোমা অব মেডিকেল ফ্যাকাল্টি। জানালেন, সরকারি এই হাসপাতালে চিকিৎসকের চারটি পদ। একটি পদ খালি। দুজন তিন বছর বিনা অনুমতিতে অনুপস্থিত। অন্যজন সাংবাদিকদের উপস্থিতির সময় হাসপাতালের বাইরে ছিলেন।
চিকিৎসার সব দায়িত্ব ডিএমএফ জিল্লুর রহমানের ওপর। তিনি উপসহকারী চিকিৎসা কর্মকর্তা (সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার-স্যাকমো)।
হাসপাতালটি ভারত সীমান্তে দহগ্রাম ইউনিয়নে। ফলকে দেখা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর এই হাসপাতাল উদ্বোধন করা হয়। জিল্লুর রহমান বলেন, এটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। তিনি বলেন, দিনে ৭০ থেকে ৭৫ জন রোগী আসে। ওষুধ সরবরাহ পর্যাপ্ত।
এই হাসপাতালে এক্স-রে যন্ত্র ও ইসিজি যন্ত্র আছে, কিন্তু তা চালানোর জনবল নেই। আধুনিক অস্ত্রোপচার টেবিলসহ যন্ত্রপাতি আছে, একই কারণে ব্যবহার হচ্ছে না। খুব দামি শয্যাসহ আরও অনেক যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী আছে, কিন্তু হাসপাতালে রোগী থাকে না। জানা গেল, এই হাসপাতালে একজনও নার্স নেই।
এলাকার জনসংখ্যা ১১ হাজারের ওপরে। সক্ষম দম্পতি ২ হাজার ৩০০। এখানে কোনো পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) নেই। প্রতি সোমবার দহগ্রাম থেকে একজন আসেন। সব বাড়ি যান না, যেতে পারেন না। তাই মানসম্পন্ন পরিবার পরিকল্পনা সেবা এখানে নেই।
হাসপাতালে সেবা নিতে আসা নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের সন্তান সংখ্যা তিন বা তিনের বেশি।
তবে পরিবার পরিকল্পনা পরিদর্শক মঞ্জুরুল ইসলাম বলেন, পরিস্থিতের অনেক উন্নতি হয়েছে। গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে যাঁরা বিয়ে করেছেন তাঁদের সন্তান সংখ্যা কম। বর্তমানে ২ হাজার ৩০০ দম্পতির মধ্যে মাত্র ৮৪ জন মহিলা গর্ভবতী। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৮২ শতাংশ।
এলাকায় প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শাহনাজ বেগম নামের এক প্রসূতির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি বহু দূর ছড়িয়েছে। শাহনাজের প্রতিবেশী বলেছেন, সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর ঘটনা সম্প্রতি এই এলাকায় শোনা যায়নি।
প্রসূতির শাশুড়ি রহিমা বেগম বলেন, গর্ভধারণকালে ছেলের বউকে ভালো খেতে দিতেন। পরিচিত ধাই প্রসবে সহায়তা করেন। দুপুরে প্রসবের পর রক্তক্ষরণ শুরু হয়। ধাই বলেছিলেন রক্তক্ষরণ বন্ধ হবে। বন্ধ হয়নি। সন্ধ্যার দিকে হাসপাতালে নেওয়ার পথে শাহনাজ মারা যান।
খৈফুল বেগম বলেছিলেন, হাসপাতালে বড় ডাক্তার থাকবে এমন ব্যবস্থা যেন সরকার নেয়। আর জিল্লুর রহমান বলেন, ডাক্তার-নার্সদের বসবাসের ভবনগুলো উন্নত করতে হবে।
এলাকার লোকজন বললেন, হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স দরকার।