লোক সমাগমে ‘জামায়াত সার্ভিস’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহনেওয়াজ হোসেন (৩০) সকাল ১০টা থেকে শাহ পরান গেটে দাঁড়িয়েছিলেন। ঘণ্টাখানেক অপেক্ষার পর টাউনবাস এলেও তাঁকে উঠতে দেওয়া হয়নি। শাহনেওয়াজ কারণ জিজ্ঞেস করলে চালকের সহকারী ‘জামায়াত সার্ভিস’ জানিয়ে কেবল জনসভায় যেতে ইচ্ছুক লোকজনকে টাউনবাসে তোলেন। শুধু শাহনেওয়াজ নয়, অসংখ্য সাধারণ যাত্রীকে সিলেটে টাউনবাসের নির্দিষ্ট স্টপেজগুলোতে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এ পরিস্থিতিতে পড়তে হয়েছে। নগরের পশ্চিমদিকের টুকেরবাজার এলাকায় দুপুর একটার দিকে গিয়ে দেখা যায়, যাতায়াতের নিত্যদিনের বাহন না পেয়ে কেউ কেউ কৌশলী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। কুমারগাঁওয়ের বাসিন্দা আলাউর রহমান জানান, তিনি জনসভায় যাওয়ার কথা বলে টাউনবাসে উঠে শহরে এসেছেন। বিকেল তিনটায় বাড়ি ফিরতে গিয়ে বন্দরবাজারে ঘণ্টাখানেক অপেক্ষা করেও কোনো বাস পাননি। নিয়মিত টাউনবাসে যাতায়াতকারী শহরতলির বিভিন্ন বয়সী মানুষের অভিযোগ, নগরের বন্দরবাজার থেকে পূর্ব ও পশ্চিমদিকের অন্তত অর্ধশতাধিক মহল্লা দিয়ে টাউনবাস চলাচল করে। কিন্তু গতকাল সকাল থেকে এই রুট দিয়ে টাউনবাস চলাচল করতে দেখা যায়নি। বন্দরবাজার গিয়েও টাউনবাস সার্ভিস স্টেশন অনেকটা বাসশূন্য দেখা গেছে।টিপাই বাঁধ ইস্যুতে জামায়াতের বিভাগীয় এই জনসভা আহ্বান করা হয়। সরেজমিন জামায়াতের জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে আশপাশের জেলার বাইরে থেকে আসা সহস্রাধিক রিজার্ভ বাসের সঙ্গে কিছু টাউনবাসও দেখা যায়। শাহ পরান গেট থেকে চৌহাট্টা এবং টুকেরবাজার থেকে রিকাবিবাজার মোড় পর্যন্ত প্রায় ২৫টি টাউনবাস সাধারণ যাত্রীবেশে জামায়াতের নেতা-কর্মী-সমর্থকদের আনা-নেওয়ার কাজে ব্যবহূত হয়। বিকেল চারটায় চৌহাট্টা মোড়ে জনসভামুখী টাউনবাসের চালককে ‘জামায়াত সার্ভিস’ কি না, জিজ্ঞেস করলে তাঁর পাশ থেকে কিশোর বয়সী সহকারী বলে, ‘জনসভাত যাওয়া-আওয়া (যাতায়াত) ফ্রি...!’টাউনবাস বেসরকারি বাস হলেও বিভিন্ন বিষয়ে এই সার্ভিসের তদারক করে বাংলাদেশ সড়ক উন্নয়ন করপোরেশন (বিআরটিসি)। এ ব্যাপারে বিআরটিসি সিলেটের পরিদর্শক এহসানুল হক বলেন, ‘টাউনবাস কেবল নগরমুখী সাধারণ যাত্রীদের। এগুলো চাইলেও কেউ রিজার্ভ করে বা বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করে, তাহলে বিষয়টি ট্রাফিক পুলিশকে অবহিত করতে হবে এবং এ জন্য আইনি ব্যবস্থা নেওয়ারও বিধান আছে।’ বাস পরিচালনায় গঠিত বেসরকারি পরিবহন ব্যবস্থাপনা কমিটির মধ্যে জামায়াতের শ্রমিক সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর নেতারা আছেন। এই নেতাদের সহযোগিতায় জামায়াত গতকালের জনসভায় লোক আনা-নেওয়ায় টাউনবাসকে ব্যবহার করে। টাউনবাস সার্ভিসের বন্দর বাজারের দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। ওই দপ্তর থেকে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, ‘আজ (গতকাল) যাত্রী বেশি, তাই এমন অইছে!’ এ ব্যাপারে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। সিলেটে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. আশিকুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যদি টাউনবাস কর্তৃপক্ষ যাত্রী না তুলে অন্য কোনো কাজে গাড়ি ব্যবহার করে, সেটাতে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। টাউনবাসে জামায়াতের লোক বহন প্রসঙ্গে সহকারী পুলিশ কমিশনার জানান, জনসভায় লোক জমায়েত করার জন্য সাধারণ যাত্রীদের গাড়িতে তোলা হয়নি—এ রকম অভিযোগ যাত্রীদের কাছ থেকে পেলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।