লোকগান সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের চারজন লোককবির সাড়ে তিন হাজার গান সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জল-জোছনার সুর’ নামের একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শেখ রফিকুল ইসলাম। তিনি সুনামগঞ্জের বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ‘আমার গলার হার খুলে দে গো...’ গানটি গেয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সুনামগঞ্জের লোককবি রাধারমণ দত্তের দুই হাজার, হাসন রাজার ৫০০, বাউলসম্রাট শাহ আবদুল করিমের ৫৫০ ও দুরবিন শাহের ৪৫০টি গান সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। পাণ্ডুলিপি, অডিও ও ভিডিও—এই তিন মাধ্যমে গানগুলো সংরক্ষণ করা হবে। তিন মাসের মধ্যে এই কাজ করা হবে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাইয়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।