লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকগান, নৃত্য, আলোচনা ও শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিশ্বায়নের কারণে আমাদের লোকজসংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। জাতীয় চেতনা অক্ষুণ্ন রাখতে লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে। নগরের ডিসি হিল প্রাঙ্গণে সমাজ সমীক্ষা সংঘ চট্টগ্রাম তৃতীয়বারের মতো উৎসবের আয়োজন করে। তপন সরকার ও তাঁর দলের পাখোয়াজ বাদনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মাহমুদ ইমাম।সেলিনা হোসেন বলেন, এ ধরনের উৎসব এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি বলেন, জ্ঞান এবং মননের মেলবন্ধন ঘটাতে হবে। শুধু শহুরে শিক্ষিত জনগোষ্ঠী নয়, গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনাচরণের মধ্যে জীবনের সঞ্জীবনী সুধা খুঁজতে হবে, এর মাধ্যমে শহর-গ্রামের সাংস্কৃতিক সমন্বয় ঘটানো জরুরি। মাহবুবুল হক বলেন, চট্টগ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লোকসংস্কৃতি বিশ্বায়নের ফলে লুপ্ত হয়ে যাচ্ছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মাধ্যমে তা বিশ্বে ছড়িয়ে দেওয়া দরকার। মিন্টু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার মজুমদার, আহ্বায়ক আহমেদ খসরু, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব, আবদুল্লাহ আহসান প্রমুখ। শুরুতে উৎসব ঘোষণা পাঠ করেন শ্যামল দাশগুপ্ত। অনুষ্ঠানে চট্টগ্রামের প্রথম নারী নাট্যকর্মী শহীদজায়া মনি ইমাম এবং গীতিকার ও সুরকার এম এন আখতারকে ড. রশিদ আল ফারুকী সম্মাননা দেওয়া হয়।আলোচনা শেষে প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রনাথের বাউল আঙ্গিকের গান পরিবেশন করেন তপন সরকার ও তানজিনা তমা। হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান পরিবেশন করে সুনামগঞ্জ থেকে আসা নিপা দাশ ও সোহেল রানা। মণিপুরী মৃদঙ্গ নৃত্য পরিবেশন করে সিলেটের বাংলাদেশ মণিপুরি পুং চলম ইনস্টিটিউটের শিল্পীরা। প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক গান, ঢাকার বিশ্বজিৎ রায় রাধারমনের গান এবং কুষ্টিয়ার পাগলা বাবুল খান ও কবি বিশ্বাসের দল লালনের গান শোনান। উৎসব উপলক্ষে বেলা তিনটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বাবুল জলদাস ও তাঁর দলের ঢোল বাদনের মধ্য দিয়ে শুরু হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগে সকালে ডিসি হিলে অনুষ্ঠিত হয় লোকসংস্কৃতি উৎসব উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ দ্বিতীয় দিনের কর্মসূচি: আজ শনিবার বেলা তিনটায় মাইজভাণ্ডারী গানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এরপর আলোচনা সভায় অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন এবং কবি ও সাংবাদিক আবুল মোমেন। এই দিন চিত্রাঙ্কন ও আঞ্চলিক গানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।