লোকজীবন ছিল কাইয়ুম চৌধুরীর চিত্রভাবনার মূল বিষয়বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাইয়ুম চৌধুরীর ছবির দিকে তাকালেই পুরো বাংলাদেশের চিত্র ভেসে ওঠে। বাংলার সবুজ-শ্যামল নিসর্গ, মাঝিমাল্লা, পালতোলা নৌকা, গায়ের বধূ, মুক্তিযোদ্ধা, কাস্তে হাতে কৃষক—কিছুই বাদ পড়েনি তাঁর তুলির আঁচড় থেকে। লোকজীবন ও লোকশিল্প ছিল কাইয়ুম চৌধুরীর চিত্রভাবনার মূল বিষয়বস্তু।
গত শুক্রবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেছেন। সভার আয়োজন করেছে শাহ আর্ট গ্যালারি অব ফাইন আর্টস। রাত আটটায় শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর রবীন্দ্রসংগীত পরিবেশনার মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।
সভায় বক্তব্য দেন প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর ও সুমনকুমার দাশ। আলোচনার আগে শিল্পী কাইয়ুম চৌধুরীর ওপর বেঙ্গল ফাউন্ডেশন থেকে নির্মিত ‘নিসর্গের আঁকিয়ে’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভা চলাকালে প্রয়াত শিল্পীর আঁকা জলরং, তেলরং, কালি ও কলমে অঙ্কিত অসংখ্য ছবি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
শিক্ষাজীবনে শিল্পী কাইয়ুম চৌধুরীকে সরাসরি শিক্ষক হিসেবে পাওয়ার বিষয়ে স্মৃতিচারণা করেছেন সিলেটের চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্ত। তিনি বলেন, কবি জীবনানন্দ দাশ যেভাবে তাঁর কবিতায় বাংলার রূপ-বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন, ঠিক তেমনিভাবে কাইয়ুম চৌধুরীও তাঁর চিত্রের মাধ্যমে গ্রামীণ বাংলাকেই বারবার তুলে এনেছেন।
শুভেন্দু ইমাম তাঁর বক্তৃতায় বলেন, বাংলার প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে যে মানুষটি নেপথ্যে থেকে নিরবচ্ছিন্নভাবে নিরন্তর কাজ করে গেছেন, তিনি কাইয়ুম চৌধুরী। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তিনি সব সময় দেখতেন। কাইয়ুম চৌধুরী ছিলেন এ দেশের গ্রামীণ মানুষের অকৃত্রিম প্রতিনিধি।