বিশিষ্ট কথাসাহিত্যিক শহীদুল জহিরের লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-ইতিহাস উঠে এসেছে। তিনি লোকজীবন ও জনপদের কথা সুন্দরভাবে সাহিত্যের মাধ্যমে প্রকাশ করেছেন।
গতকাল বুধবার ‘বাংলাদেশের সাম্প্রতিক কথাসাহিত্য: শহীদুল জহিরের দিকে দেখি’ শীর্ষক সেমিনারে আলোচক বিশিষ্ট কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এসব কথা বলেন। বাংলার পাঠশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে। শাহাদুজ্জামান বলেন, সাহিত্যের ভাষায় আঞ্চলিকতার ব্যবহার থাকে। কিন্তু সাহিত্যিকের সৃজনশীলতা এবং মেধার ওপর এর সার্থক প্রয়োগ ঘটে। শহীদুল জহির ক্রিয়া পদের ব্যবহার করে আঞ্চলিক ভাষার সার্থক ব্যবহার করে দেখিয়েছেন।
তিনি আরও বলেন, চাপা কৌতুকের মাধ্যমে সমাজের সবচেয়ে কঠিন ও ভয়াবহতার প্রকাশ করতেন শহীদুল জহির। এটি একটি নতুন আবহ। তার লেখার মাধ্যমে মানুষের মৌলিক তাড়নার প্রকাশ ঘটেছে। তিনি প্রান্তিক মানুষের কথা লিখেছেন, যাদের কথা স্বভাবত চিন্তা করা হয় না। তিনি রিকশাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, কৃষক-শ্রমিকের আবেগ, ভালোবাসা, জীবনকাহিনি তুলে ধরেছেন তাঁর লেখনীর মাধ্যমে।
তিনি আরও বলেন, শহীদুল জহিরের সাহিত্য শুধু সাহিত্যিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না।