লোকনাট্য উৎসবে ফিরে দেখা ঐতিহ্য
দেশের বিভিন্ন অঞ্চলের লোকনাট্যদলের ঐতিহ্যবাহী পালা নিয়ে শুরু হলো লোকনাট্য উৎসব। গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিসচিব হেদায়েত উল্লাহ আল মামুন। সপ্তাহব্যাপী এ উৎসব চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।গ্রামীণ জনজীবন এবং ঐতিহ্যবাহী নানা লোককাহিনিকে নাগরিক দর্শকদের কাছে তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ উৎসবের আয়োজন করেছে। শুরুতেই ছিল আলোচনাপর্ব। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক গোলাম সারোয়ার স্বাগত বক্তব্যে জানান, এবারই প্রথম এ আয়োজনের সঙ্গে পাঁচজন লোকজশিল্পী ও একজন গবেষককে সংবর্ধনা দেওয়া হবে। উৎসবের শেষ দিন ছয়জনকে সম্মাননা জানানো হবে। উৎসবে মোট ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের পালাকাহিনি মঞ্চায়ন করবে।ধন্যবাদ জানান বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। উদ্বোধনী অনুষ্ঠানের পর কুষ্টিয়ার পদ্মার নাচন দল মঞ্চায়ন করে লক্ষ্মীন্দরের জন্ম থেকে মৃত্যু পালা। লক্ষ্মীন্দরের জীবন-মৃত্যু নিয়ে যেসব কিংবদন্তি আছে, তা এ পালায় তুলে ধরা হয়। আজ রোববার একই স্থানে সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে মানিকগঞ্জের বহুরূপী দলের পরিবেশনায় লাঠিখেলা, জাদুখেলা ও বুড়াবুড়ির সঙ্গ পালা।সৃজনের ফেলে আসা দিনের গানবাংলা গানের চর্চার সংগঠন সৃজন প্রতি মাসেই নিয়মিত আয়োজন করে আসছে ফেলে আসা দিনের বাংলা গানের আসর। সে আসরে প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে সম্ভাবনাময় নবীন শিল্পীরাও অংশ নিয়ে শ্রোতাদের পুরোনো দিনের প্রিয় গান গেয়ে শোনান। তাদের চলতি মাসের অনুষ্ঠানটি হয়ে গেল গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। গ্রীষ্মের তপ্ত সন্ধ্যায় নির্ঝর চৌধুরীর গাওয়া ‘প্রখর তপন তাপে’ গানটি দিয়ে আসর শুরু। এর পর শাম্মি আক্তার গাইলেন, ‘জানি না সে হূদয়ে কখন এসেছে’, ‘এ রাত জাগা পাখি’, সুলতান আলম গাইলেন, ‘আজ এই দিনটাকে মনের’ ও ‘আমি যে কে তোমার’ গান দুটি। মঞ্জুসা গেয়ে শোনান, ‘আমি মেঘ থেকে’ ও ‘চঞ্চল হাওয়া রে’, নাভীদ শফিউল্লাহ শোনান, ‘আমি যামিনী তুমি শশী হে’, তানজিনা রুমার কণ্ঠে ছিল, ‘যে মায়রে মা বলে কেউ ডাকে না’ ও ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’ গানগুলো। এ ছাড়া আরও গেয়েছেন, মেহেদী ফরিদ, আলী মাহমুদ, রুহুল আমিন শিহাব, হালিমা পারভীন।ছবি পেয়ে আপ্লুতপটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের শিক্ষার্থী আট বছর বয়সী আর্য বিধু প্রামাণিককে তার মা বলেছিলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মতো বড় মানুষ হতে। মায়ের কাছে শোনা গল্পে অনুপ্রাণিত হয়ে সে আঁকতে বসল। কচি হাতের রং-পেনসিলের টানে ফুটে উঠল জিল্লুর রহমান সিদ্দিকীর স্বাধীনতা পুরস্কার গ্রহণের ছবি। সেই ছবিটিই গতকাল শনিবার সে তুলে দিয়েছে, যাঁর ছবি তাঁর হাতে। ছবি পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল জিল্লুর রহমান সিদ্দিকীর ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে। অনুষ্ঠানে তিনি বলেন ‘এখনো মনে হয়, কিছুই করা হয়নি আমার। দেশকে, মানুষকে এখনো অনেক কিছু দেওয়ার আছে। তবে এমন সম্মান পেয়েও ভালো লাগছে।’ অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে তাঁকে ফুল এবং উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হায়াত্ মামুদ। আলোচনা করেন, অধ্যাপক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আতা সরকার। উত্তরীয় পরিয়ে দেন আর্ট স্কুলের নির্বাহী চেয়ারম্যান শিল্পী বীরেন সোম ও পরিচালক আনোয়ার হোসেন। বক্তারা বলেন, ‘অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী একাধারে কবি, শিক্ষাবিদ এবং সমাজকর্মী। জাতির ক্রান্তিকালে হাল ধরেছেন। সবসময় ভালো কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় তাঁর শুভানুধ্যায়ীরাও সম্মানিতবোধ করছেন।’স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। আজ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এ উৎসব। আজ ও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিলনায়তনে এবং ২৬, ২৭ ও ২৮ এপ্রিল ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। চার দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ভারত, বসনিয়া, স্লোভাকিয়া, ওমানসহ বিভিন্ন দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তরুণ চলচ্চিত্রকারের চলচ্চিত্রও প্রদর্শিত হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।