লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে লাখো ভক্তের ঢল
বিপুল উৎসাহ ও লাখো ভক্তের অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে হিন্দুধর্মাবলম্বীদের মহাসাধক লোকনাথ ব্রহ্মচারীর ১২০তম তিরোধান দিবস পালিত হয়। এ উপলক্ষে বারদী এলাকায় গত দুই দিনে দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বী ও ভক্তরা ভিড় জমান। গতকাল উৎসবের দিনে লাখো ভক্তের সমাগম ঘটে। তিরোধান উৎসব উপলক্ষে বারদীর বিশাল এলাকাজুড়ে চার দিনব্যাপী লোকজ মেলা বসেছে। এ ছাড়া লোকনাথ আশ্রম কমিটি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে ছিল পূজা-অর্চনা, বাল্যভোগ, রাজভোগ, প্রসাদ বিতরণ, কীর্তন, গীতাপাঠ, চিকিৎসাসেবা ও আলোচনা সভা।আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রনিজত কুমার সাহা জানান, লোকনাথ ব্রহ্মচারীর ১২০তম তিরোধান উৎসবে দেশি-বিদেশি ভক্তরা এসে আশ্রমের নিজস্ব হোস্টেল ও পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তিরোধান উৎসব পূজা-অর্চনাসহ ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, তিরোধান উৎসবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশ্রম ও এর আশপাশ এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার ও পুলিশের পাশাপাশি র্যাবও মোতায়েন করা হয়েছে।