লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্তদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৬তম তিরোধান দিবস গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বারদীতে আশ্রম প্রাঙ্গণে গীতাপাঠ, পূজা অর্চনা, রাজভোগ, বাল্যভোগসহ তাঁর জীবনী নিয়ে আলোচনা হয়।

দেশের বিভিন্ন স্থান ছাড়াও নেপাল, ভুটান থেকে লোকনাথভক্তরা তিরোধান দিবসের উৎসবে যোগ দেন। এ উপলক্ষে বারদীতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশের মাঠে গতকাল থেকে তিন দিনব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হয়েছে। মেলায় বেচাকেনা অন্য বছরের তুলনায় ভালো বলে জানান বিক্রেতারা।

তিরোধান উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের উৎসব ও মেলা সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় পালন করছেন লোকনাথভক্তরা। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োগ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সেবামূলক সংগঠন ও সংস্থা দর্শনার্থীদের বিনা মূল্যে চিকিৎসা ও তাদের মধ্যে খাবার বিতরণ করে।

হিন্দুধর্মাবলম্বীদের মতে, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিষ্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাতের দে গঙ্গা থানার কচুয়া (কাঁকড়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রামনারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী। লোকনাথ ছিলেন তাঁর মা-বাবার ছোট ছেলে। তিনি হিমালয়ে গিয়ে ৪০ বছর সাধনা করেন। তিনি আফগানিস্তানের কাবুলে আরবি ভাষা ও কোরআন শাস্ত্র শিক্ষা করে ইসলাম ধর্ম এবং এর দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি জীবনের শেষ ২৬ বছর বারদীতে কাটান।