লোকনৃত্যনাট্য নিয়ে কাতার যাচ্ছে 'আমরা ক'জন শিল্পীগোষ্ঠী'

জাতীয় নাট্যশালা মঞ্চের পর এবার বারামখানা লোকনৃত্যনাট্য নিয়ে কাতার সরকারের আমন্ত্রণে ছয় দিনের সাংস্কৃতিক সফরে যাচ্ছে বগুড়ার ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র একটি নৃত্যদল। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১২ মে সকাল ১০টায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা দেবে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর ছয় সদস্যের দলটি।
মাহাবুব হাসানের নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন মোস্তারিন হাসান, আশিকুজ্জামান রিপন, মালিহা তাবাসসুম, মাহিয়া ইয়াসমিন ও মাসুকুর রহমান।
আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি ও নৃত্যজন আবদুস সামাদ পলাশ বলেন, ‘এ সাংস্কৃতিক সফরে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যদল ছাড়াও সঙ্গী হচ্ছেন কণ্ঠশিল্পী মৌটুসী, লোকগানের শিল্পী আবু বক্কর সিদ্দিক ও রূপসা।
আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পীরা ১৩ মে কাতারের রাজধানী দোহারে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে। এ ছাড়া পরদিন ১৪ মে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে।
মাহাবুব হাসানের নৃত্য পরিচালনায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পীরা সুরসাধক ফকির লালন শাহের বারামখানা নৃত্যনাট্য ছাড়াও দেশাত্মবোধক, হাছন রাজা, শাহ্ আবদুল করিম ও রাধারমণ দত্তের জনপ্রিয় লোকজ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করবে।
এর আগে বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর লোকনৃত্য দল ভারত, চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, দুবাই, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরে গিয়ে একাধিক অনুষ্ঠানে অংশ নেয়।
বারামখানা লোকনৃত্যনাট্য বগুড়া ছাড়াও জাতীয় নাট্যশালায় একাধিকবার মঞ্চস্থ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলেও নৃত্যনাট্যটি সম্প্রচারিত হয়।