লোকপ্রযুক্তির ‘রুম হিটার’
হাড়কাঁপানো শীতে গ্রামীণ জনপদের মানুষের জীবন এখন বিপর্যস্ত। তবে এই তীব্র শীতের সঙ্গে লড়াই করে চলেছে মানুষ তাদের নিজস্ব লোকপ্রযুক্তি দিয়ে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের আদিবাসী গ্রামের মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে শীতের সঙ্গে লড়াই করছে।খোঁজ নিয়ে জানা যায়, আদিবাসী গ্রামগুলোর যেসব বাড়িতে প্রসূতি ও বয়স্ক যাঁরা রয়েছেন, তাঁদের ঘরগুলো গরম রাখার জন্য ‘রুম হিটার’ অর্থাৎ বড় মাটির হাঁড়িতে ধানের তুষের আগুন জ্বালিয়ে রেখে দেওয়া হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কোল আদিবাসীদের বাবুডাইং গ্রামে গিয়ে দেখা মিলল এসব ‘রুম হিটার’। সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে মাধব কোলের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী বেগম কিসকু মাটির হাঁড়িতে তুষের আগুন কাঠি দিয়ে উসকে দিচ্ছেন। সেখান থেকে বের হচ্ছে ধোঁয়া। বেগম কিসকুকে জিজ্ঞেস করলে জানা যায়, আদিবাসী রুম হিটারের কথা। তিনি জানান, তুষের আগুনে বাতাস দিয়ে যখন ভালোভাবে আগুন জ্বলে ওঠে, তখন আর ধোঁয়া বের হয় না। তুষের আগুন ধিকিধিকি জ্বলে সন্ধ্যা থেকে রাতভর। এমনকি সকাল আট-নয়টা পর্যন্ত আগুনের অস্তিত্ব থাকে। তিনি আরও জানান, বাড়িতে প্রসূতি পুত্রবধূর জন্যই এই রুম হিটারের ব্যবস্থা করা হচ্ছে। গ্রামের সুরেন কোল জানান, বাড়িতে রয়েছে বৃদ্ধা মা। মায়ের জন্য প্রচণ্ড শীতে এই ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া এ গ্রামের প্রতিটি বাড়িতেই এখন এই রুম হিটার চলছে। যে হাড়কাঁপানো শীত আর ঠান্ডা বাতাস বইছে, তাতে সব বয়সী মানুষের জন্যই এখন রুম হিটারের প্রয়োজন হয়ে পড়েছে। এ ছাড়া আদিবাসীরা বিছানার নিচে ধানের খড় ও মোটা কাঁথার ওপরে খেজুরের পাটি দিয়েও শীত মোকাবিলা করছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সাঁওতাল গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও একইভাবে শীতের সঙ্গে লড়াই করছে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সাঁওতাল গ্রামের চম্পাতলার বিমল সরেন জানান, সাঁওতালদের অধিকাংশ বাড়িতেই লেপ নেই। সাঁওতালদের অনেকেই চাদর-কাঁথা গায়ে দিয়ে এর ওপর খেজুর পাতার পাটি গোল করে জড়িয়ে রাখে। এ ছাড়া ঘরে তুষের আগুনও জ্বালায়। এভাবেই যুগ যুগ ধরে শীতের সঙ্গে লড়াই করে আসছে তারা।