কেক কাটা, বেলুন ওড়ানো, স্মৃতিচারণা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪০ বছর পূর্তি উৎসব। বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গতকাল শুক্রবার মিলিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে। বয়সের সীমানা ভুলে নাচে-গানে, উৎসবে মেতে ওঠেন তাঁরা।
সকালে টিএসসি থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় হলো মাতৃসম প্রতিষ্ঠান। তাই এর সঙ্গে আজীবন সংযোগ অব্যাহত রেখে এর সার্বিক উন্নয়নে অবদান রাখা সবার দায়িত্ব।
বিভাগীয় চেয়ারম্যান মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।