লোকবল-আসবাব নেই পড়ে আছে নতুন ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে রংপুর নার্সিং কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। সেটি এখন পড়ে আছে তালাবদ্ধ। নেই কোনো আসবাব। অধ্যক্ষসহ নিয়োগ দেওয়া হয়নি কোনো জনবল। তার পরও ১০০ শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। গত জানুয়ারি থেকে তাঁদের ক্লাস শুরু হয়েছে। আপাতত ক্লাস নিচ্ছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষকেরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নার্সিংয়ে স্নাতক ডিগ্রি দেওয়ার জন্য গণপূর্ত বিভাগ দেড় কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নার্সিং কলেজের ভবন নির্মাণ শুরু করে। ২০০৮ সালের জুনে কাজ শেষ হয়। এর পর থেকে তিনতলা ভবনটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিন্তু গত বছরের নভেম্বরে স্বাস্থ্য অধিদপ্তরের সেবা পরিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে ১০০ শিক্ষার্থী ভর্তি করা হয়।রংপুর মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক সুফিয়া বেগমকে এই কলেজের অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন করে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি করা হলো ঠিকই; কিন্তু ভবনটি চালু করা হলো না। সেই সঙ্গে প্রতিষ্ঠানের জন্য কোনো লোকবলও নিয়োগ না দেওয়ায় কার্যক্রম পরিচালনা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।রংপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর জানান, ভবনটি নির্মাণের পর তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাঁদের আর কোনো দায়িত্ব নেই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, এই নার্সিং কলেজটি পৃথক একটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী এখানে লোকবল নিয়োগ দিয়ে শিক্ষার্থী ভর্তি করে পরিচালিত হওয়ার কথা। কিন্তু তা করা হয়নি। একই কথা বলেন কলেজের অধ্যক্ষ আবদুর রউফ। ভর্তি হওয়া শিক্ষার্থী রুমি আক্তার, মিনারা পারভীন ও শারমিন নাহার বলেন, ভর্তির বিজ্ঞপ্তি দেখে উচ্চতর ডিগ্রির জন্য তাঁরা এখানে ভর্তি হয়েছেন। কিন্তু ভর্তির পর দেখেন কলেজের ভবন চালু করা হয়নি, ক্লাস করতে হচ্ছে অন্য জায়গায়।