লোকবল ও যন্ত্রপাতি ছাড়াই টঙ্গীতে হাসপাতাল উদ্বোধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল ও যন্ত্রপাতি ছাড়াই গাজীপুরের টঙ্গীতে উদ্বোধন করা হলো ২৫০ শয্যার সরকারি হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করেন।

প্রায় দেড় বছর আগে আটতলাবিশিষ্ট হাসপাতাল ভবনের নির্মাণকাজ সমাপ্ত হয়। টঙ্গীবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর কোনো ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ ছাড়াই শূন্য ভবন উদ্বোধন করা হলো। টঙ্গীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ট্রমা সেন্টার চালু করার। কিন্তু সেটিরও কোনো সুরাহা হয়নি। টঙ্গীতে ট্রমা সেন্টারের অভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অনেক রোগী পথেই মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় জনবল নিয়োগ, আসবাব ও যন্ত্রপাতি আসার পরই ২৫০ শয্যার চিকিৎসাসেবা শুরু হবে। এটি চালু হওয়ার আগে বিদ্যমান ৫০ শয্যার হাসপাতাল হিসেবেই পুরোনো দোতলা ভবনে চিকিৎসাসেবা চালু থাকবে। তবে কবে নাগাদ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হবে, তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।

এরই মধ্যে হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করা ও আওয়ামী লীগ-দলীয় প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে এর নামকরণের দাবি উঠেছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই দুই দাবি তুলে ধরে বক্তব্য দেন। বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের আশ্বাস দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর মেডিকেল কলেজের দাবি পূরণ করা হবে। তিনি বলেন, অচিরেই ২৫০ শয্যার প্রয়োজনীয় আসবাব ও যন্ত্রপাতি পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন করা হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সাংসদ জাহিদ আহসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন সৈয়দ মো. মনজুরুল হক প্রমুখ।

সৈয়দ মো. মনজুরুল হক বলেন, বর্তমান হাসপাতালটি ১৯৫৬ সালে ১০ শয্যাবিশিষ্ট মাছিমপুর ডিসপেনসারি নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে হাসপাতালটি ৩১ ও ১৯৮৬ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে বর্তমান সরকারের সময়ে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের জন্য প্রায় ৩৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ২৫০ শয্যার টঙ্গী জেনারেল হাসপাতালের নির্মাণকাজ ২০১৩ সালের ১২ ডিসেম্বর শুরু করা হয়। ২০১৫ সালের ৩০ জুন এর কাজ সম্পন্ন হয়। হাসপাতাল ভবনটির প্রতিটি তলার আয়তন প্রায় ১২ হাজার ৫০০ বর্গফুট। ভবনটিতে ছয়টি ওটি (অস্ত্রোপচার কক্ষ), একটি আইসিইউ ও ডে-কেয়ার সেন্টার আছে।